
বিধ্বংসী ব্যাটিংয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। কুইন্সল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ বলে ফিফটি করার পর ৪৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। খেলেছেন ৬৩ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস। এই পথে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে নিজের গড়া দ্রুততম ফিফটির রেকর্ডও ভেঙেছেন তিনি।
অ্যাডিলেইডের ক্যারেন রল্টন ওভালে ম্যাচটিতে চার-ছক্কার ঝড়ে প্রতিপক্ষের বোলারদের নাস্তানাবুদ করেন ম্যাকগার্ক। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে ২০২৩ সালে ১৮ বলে ফিফটি করে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন এই অস্ট্রেলীয় ব্যাটার। এবার নিজের সেই রেকর্ড চার বল কম খেলেই ভেঙেছেন তিনি। বিশ্ব ক্রিকেটে লিস্ট ‘এ’-তে দ্রুততম ফিফটির তালিকায় এখন যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন ম্যাকগার্ক। মাত্র ১১ বলে ফিফটি করে এই তালিকার বিশ্ব রেকর্ডটি নিজের দখলে রেখেছেন ভারতের বৈভব সূর্যবংশী।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ম্যাকগার্ক। দ্বিতীয় ওভারে টম স্ট্রেকারের বলে তুলে নেন ২২ রান। চতুর্থ ওভারে টম হুইটনিকে পিটিয়ে করেন ১৬ রান। এরপর ষষ্ঠ ওভারে হেইডেন কেরের বলে চার-ছক্কা হাঁকিয়ে মাত্র ১৪ বলেই পূর্ণ করেন ফিফটি।
পরের আট বলে চারটি চার ও একটি ছক্কা মেরে পৌঁছে যান ৭৫ রানে। তখন নিজের গড়া ২৯ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কুইন্সল্যান্ড অধিনায়ক মিচেল সোয়েপসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা থামে তাঁর তাণ্ডব। শেষ পর্যন্ত ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাকগার্ক। টম হুইটনিকে টানা দুটি ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।
২০২৩ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন ম্যাকগার্ক। তাসমানিয়ার বিপক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর মধ্য দিয়ে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে দেন এই ব্যাটার।
ম্যাকগার্কের রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার অধিনায়ক নাথান ম্যাকসুইনিও। তাঁর ব্যাট থেকে আসে ১০৬ রান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ অস্ট্রেলিয়া।
জবাবে ল্যাকলান হার্নের ১২১ রানের সেঞ্চুরিও কুইন্সল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। তাদের ইনিংস থামে ২৭১ রানে। ফলে ১২৬ রানের বড় জয় পায় দক্ষিণ অস্ট্রেলিয়া। দলের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পেসার স্পেনসার জনসন, শিকার করেন পাঁচ উইকেট।
আরটিভি/এসকে


