ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি-থ্রি ট্রফি। তিন সংস্করণের এই টুর্নামেন্টের প্রথম আসর শুরু হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনালসহ প্লে-অফের সব ম্যাচ হবে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে।

রোববার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। তবে ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

৬টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে প্লে-অফে। প্রতিযোগিতার কাঠামো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে।

পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। পরাজিত দলটির সামনে অবশ্য আরেকটি সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটরের জয়ী দলের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের বিজয়ী দল পাবে ফাইনালের টিকিট।

বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পাশাপাশি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও হবে গ্রুপ পর্বের সাতটি ম্যাচ।

ডি-থ্রি ট্রফিতে থাকছে তিনটি সংস্করণ। টি-টোয়েন্টি প্রতিযোগিতার পর জানুয়ারিতে হবে চার দিনের টুর্নামেন্ট। এরপর মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের আসর।

টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম হবে সোমবার (২৬ অক্টোবর) ঢাকার একটি হোটেলে। নিলামের শীর্ষ ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাদা বলের অধিনায়ক লিটন দাসসহ ২২ জন ক্রিকেটার। সব মিলিয়ে নিলামে উঠবেন ২৬৩ জন খেলোয়াড়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ উইকেটে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে জয় উপহার দিলো শাদাব খান
অসম্ভবকে সম্ভব করে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ল পাকিস্তান। খাদের কিনারা থেকে দলের দায়িত্ব নিয়ে শাদাব খানের প্রথম সেঞ্চুরি এবং শেষ উইকেটে হারিস রউফের সঙ্গে অবিশ্বাস্য এক জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। একই সঙ্গে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ জুটির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার।  রোববার (১৪ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চরম বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। স্কোরবোর্ডে ১৫৪ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায় দলটি। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৮৮ রান। তবে শেষ উইকেটে হাল ধরে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দেন শাদাব খান ও হারিস রউফ। এই দুজন অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়ে ৪৭.১ ওভারেই দলের জয় নিশ্চিত করেন। চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে এটি পাকিস্তানের দ্বিতীয় জয়। ৯৬ বলে ১৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১১৩ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেন শাদাব খান। অন্যদিকে, শেষ ব্যাটার হিসেবে তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৭ রানে অপরাজিত থাকেন হারিস রউফ। সফল রান তাড়ায় দশম উইকেটে এটিই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ জুটির নতুন বিশ্বরেকর্ড। শাদাব ও হারিস পেছনে ফেলেছেন ১৯৭৫ বিশ্বকাপে গড়া ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটির রেকর্ড। সেবার বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টস। প্রায় পাঁচ দশক পর সেই রেকর্ড নিজেদের করে নিলেন শাদাব ও হারিস। এর আগে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের সেঞ্চুরিতে (১০৫ রান) ২৪১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত শাদাব-হারিসের রূপকথার ইনিংসে ভর করে লাহোরে পাকিস্তানের এই জয় ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প হয়ে রইল। আরটিভি/এসআর
শেষ উইকেটে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে জয় উপহার দিলো শাদাব খান
বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!
দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগের অংশ হিসেবে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ অক্টোবর হতে যাচ্ছে ডি থ্রির নিলাম। এই টুর্নামেন্ট শুরুর আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা নিলাম। আর এই নিলাম অনুষ্ঠান পরিচালনার জন্য ভারতের চারু শর্মাকে উড়িয়ে নিয়ে আসছে বিসিবি। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে ভারতীয় সঞ্চালকের সঙ্গে চুক্তি পাকাপাকি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।। সবকিছু ঠিক থাকলে ২৫ অক্টোবর ঢাকায় আসবেন তিনি। ডি থ্রি টুর্নামেন্টের নিলামে থাকছে একাধিক ভিন্নধর্মী আয়োজন।  সাধারণত বিভিন্ন টুর্নামেন্টের নিলামে অর্থের বিনিময়ে কেনা হয় ক্রিকেটার। তবে বিসিবি এই টুর্নামেন্টে অর্থের পরিবর্তে রেখেছে পয়েন্ট। ফলে পছন্দের ক্রিকেটারকে দলে নিতে অর্থের বদলে পয়েন্টের হিসেব মেলাতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। আগেই জানানো হয়েছে প্রতিটি দলে ২৩ জন সর্বোচ্চ ক্রিকেটার থাকতে পারবে। নিলামের আগে প্রতিটি দল একজন করে আইকন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। ফলে নিলাম থেকে আরও ২২ জন ক্রিকেটারকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।  এর আগে বিপিএলে বিদেশি ও দেশি বিভিন্ন সঞ্চালক নিলাম পরিচালনা করেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিলামের ক্ষেত্রে চারু শর্মা বেশ অভিজ্ঞ। আইপিএল-এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম পরিচালনা করেছেন তিনি। ক্রিকেটের পাশাপাশি টেনিস ও ফুটবলের নিলামেও কাজ করেছেন তিনি।  ২০২২ আইপিএলে আকস্মিকভাবেই আইপিএলের নিলামে যুক্ত হয়েছিলেন চারু শর্মা। ওই আসরের নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন হিউ এডমিডস। নিলাম চলার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে যান তিনি।  এরপর নিলাম বন্ধ হয়ে গেলে আইপিএল গভর্নিং কাউন্সিলের তৎকালীন প্রধান ব্রিজেশ প্যাটেলের অনুরোধে দায়িত্ব নেন চারু শর্মা। পরে নিলামের বাকি অংশ পরিচালনা করে প্রশংসা পান এই ভারতীয় সঞ্চালক। উল্লেখ্য, ডি থ্রি ট্রফির এই আসরে অংশ নেওয়া ৬ দলের আইকন ক্রিকেটার হিসেবে আগেই চূড়ান্ত হয়েছেন দেশের তারকারা। সেভেন রিংস সিমেন্টের আইকন হিসেবে খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ফরচুনের আইকন মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়, একমির আইকন মোসাদ্দেক হোসেন সৈকত, ব্লু স্টারের আইকন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং সিটিজেন গ্রুপের আইকন হিসেবে থাকছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আরটিভি/এসআর
বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!
এনপিএলে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মুকুল ও গাজী সোহেল
আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) ম্যাচ পরিচালনার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ও আইসিসি প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আম্পায়ারদের প্রতিনিধিত্ব আরও এক ধাপ এগিয়ে গেল।  শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ অক্টোবর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এনপিএলের নতুন আসর। টুর্নামেন্টটিতে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের আম্পায়ারিং নিশ্চিত করতে আইসিসির আন্তর্জাতিক প্যানেল থেকে এই দুই বাংলাদেশি আম্পায়ারকে নির্বাচন করা হয়েছে। মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল—উভয়েই দীর্ঘদিন ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সুনামের সঙ্গে আম্পায়ারিং করে আসছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ওয়ানডে এবং এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে তাদের।  বিশেষ করে মাসুদুর রহমান মুকুল এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে নজর কেড়েছিলেন। আরটিভি/এসআর
এনপিএলে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মুকুল ও গাজী সোহেল
এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে প্রতিবারের মতো এবারও একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। ‘বি’ গ্রুপে ভারত-পাকিস্তান ছাড়াও রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। এই টুর্নামেন্টের ফরম্যাট ৫০ ওভারের। সবাই ‘এ’ দল নিয়ে অংশ গ্রহণ করলেও জাতীয় দল নিয়ে মাঠে নামবে নেপাল ও আরব আমিরাত। কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স।  ১৯ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ২০ নভেম্বর পাকিস্তান-ইউএই ও ভারত-নেপাল ম্যাচ। পরদিন শ্রীলঙ্কা-হংকং ও বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। ২২ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও রয়েছে ইউএই-নেপাল ম্যাচ। ২৩ নভেম্বর আফগানিস্তান-হংকং এবং শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ এবং ২৪ নভেম্বর ভারত-ইউএই ও পাকিস্তান-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিন তরুণ ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে এসেছেন সামীর মিনহাস, মোহাম্মদ তাহা এবং মোহাম্মদ সুলেমান।  টেস্ট দলের নেতৃত্বে আছেন যথারীতি বাবর আজম।  সবশেষ ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। তবে ঘরের মাঠে লঙ্কানদের পরাস্ত করতে মরিয়া ম্যান ইন ব্লুরা। ৪-৬ নভেম্বর ইসলামাবাদ ক্লাব মাঠে হবে প্রস্তুতি ম্যাচ। ৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ১৭ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট। পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আলী উসমান, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তাহা, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, সামীর মিনহাস এবং সাউদ শাকিল। আরটিভি/এসআর
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
আরও পড়ুন
বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই
বরিশালে জমে উঠেছে লক্ষ্মীপূজার বাজার
মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার সুযোগ