
শুরুটা ছিল চরম বিপর্যয়ের। মাত্র ২২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের পথে এগিয়েছে বাংলাদেশ। গড়েছে রেকর্ড জুটিও।
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের শিকার হয়ে ১৩৭ রানে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। অন্য প্রান্তে ৯২ রানে অপরাজিত রয়েছেন লিটন দাস। ষষ্ঠ উইকেটে দুজনের ২০৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
এর আগে এই রেকর্ড ছিল জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের দখলে। ২০২৪ সালে মিরপুর টেস্টে সপ্তম উইকেটে ১৩৮ রান যোগ করেছিলেন তারা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন হৃদয়-লিটন।
শুধু ষষ্ঠ উইকেটেই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের জুটির রেকর্ডেও এসেছে পরিবর্তন। দিনের শুরুতে তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়ের ৯৯ রানের জুটি ভেঙেছে ২৪ বছর আগের রেকর্ড। ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশার গড়েছিলেন ৮৪ রানের জুটি। এত দিন প্রোটিয়াদের মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল সেটিই।
অন্যদিকে জোহানেসবার্গে ষষ্ঠ উইকেটে তাওহীদ-লিটনের ২০৬ রানের জুটি এখন এই ভেন্যুর দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ড্যামিয়েন মার্টিন। তাদের গড়া ৩১৭ রানের জুটি এখনো অক্ষত রয়েছে।
ব্যক্তিগত অর্জনেও স্মরণীয় হয়ে থাকবে তাওহীদ হৃদয়ের এই ইনিংস। এর আগে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে করলেন ১৩৭ রান। ক্যারিয়ারের মাত্র সপ্তম ইনিংসেই এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ইনিংসে দুটি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও এখন হৃদয়ের দখলে। এর আগে ৯ ইনিংসে দুটি সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন মুমিনুল হক। মাত্র সাত ইনিংসেই দুই সেঞ্চুরি করে তাকে ছাড়িয়ে গেছেন হৃদয়।
সবশেষ তিন টেস্ট ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন এই তরুণ ব্যাটার। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরে সেঞ্চুরি করার পাশাপাশি লিটনের সঙ্গে গড়েছেন রেকর্ডগড়া জুটি। সব মিলিয়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের ক্রিকেটে জায়গা করে নিয়েছে স্মরণীয় এক দিন হিসেবে।
আরটিভি/এসকে



