
দিনের শুরুটা ছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১২১ রানে পঞ্চম উইকেটও হারায়। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানোর নায়ক তাওহীদ হৃদয়। তার অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম পাঁচ উইকেটের সবকটিই শিকার করেন রাবাদা। তবে তার দুর্দান্ত বোলিংয়ের পরও বাংলাদেশের ব্যাটারদের থামানো যায়নি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হৃদয়। দিন শেষে তার ব্যাটিংয়ের প্রশংসা করে রাবাদা বলেন, ‘সে (হৃদয়) দারুণ খেলেছে। আমরা আমাদের সব ধরনের অস্ত্র ব্যবহার করেছি। সত্যিই সবকিছু চেষ্টা করেছি। তাকে কৃতিত্ব দিতেই হবে।’
হৃদয়ের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েছিলেন তানজিদ হাসান। তার ধারণা ছিল, মধ্যাহ্নভোজের বিরতির পর উইকেট ব্যাটিংয়ের জন্য আরও ভালো হয়ে উঠেছিল। তবে রাবাদা বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্বই বেশি দিতে চান। তার মতে, ব্যাটাররা দারুণ শৃঙ্খলা দেখিয়েছেন এবং নিজেদের উইকেট আগলে রেখে ব্যাটিং করেছেন। ফলে উইকেট পেতে দক্ষিণ আফ্রিকার বোলারদের বেশ কঠোর পরিশ্রম করতে হয়েছে।
ছয় সপ্তাহেরও কম সময় আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও একই ধরনের পরিস্থিতিতে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেবার অস্ট্রেলিয়াকে ১২৪ রানে ৬ উইকেটে নামিয়ে এনেও শেষ পর্যন্ত ৩৯০ রান করতে দিয়েছিল প্রোটিয়ারা। সেই ম্যাচের স্মৃতিও এখনো মনে রেখেছেন রাবাদা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও এমন হয়েছিল। আমরা তাদের ১২৪ রানে ৬ উইকেটে ফেলেছিলাম, এরপরও তারা ৩০০-এর বেশি রান করে। আমার মনে হয়, এখানেও পরিস্থিতিটা অনেকটা একই রকম।’
বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণ খুঁজতে চান দক্ষিণ আফ্রিকার এই পেসার। তার মতে, সিরিজে খেলা উইকেটগুলোর মধ্যে ওয়ান্ডারার্সের উইকেটই বোলারদের জন্য সবচেয়ে বেশি সহায়ক। তাই এমন উইকেটে বোলিং আক্রমণের আরও ভালো করার প্রত্যাশা ছিল তাদের।
রাবাদার ভাষায়, ‘আমরা ২০০ রানের জুটি আশা করিনি। তবে আত্মতুষ্টি যেন না আসে, সে বিষয়ে আমরা সতর্ক ছিলাম। আমার মনে হয় না, এই ম্যাচে আমরা আত্মতুষ্টি নিয়ে নেমেছিলাম। পুরো সপ্তাহ কঠোর পরিশ্রম করেছি। আবহাওয়াও অনেক গরম ছিল।’
আরটিভি/এসকে


