ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

আইপিএলের ২০২৭ মৌসুমে খেলবেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও নিজের ফিটনেস ধরে রাখতে আগামী মৌসুম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। তার এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস।

এর আগে আইপিএল ২০২৭ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান অস্ট্রেলিয়ার আরেক তারকা ট্রাভিস হেড। ফলে নতুন মৌসুম শুরুর আগেই দুই অজি ক্রিকেটারকে হারাতে হচ্ছে আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজিকে। হেডকে পাবে না সানরাইজার্স হায়দরাবাদ, আর স্টার্ককে ছাড়াই দল সাজাতে হবে দিল্লিকে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টগুলোতে মনোযোগ দিতে চান স্টার্ক। এ কারণে দীর্ঘ সময়ের আইপিএল খেলে বাড়তি শারীরিক চাপ নিতে চান না তিনি। ইতোমধ্যে নিজের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসকে জানিয়ে দিয়েছেন এই পেসার।

আইপিএল ২০২৭-এর আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশ করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। দিল্লির প্রকাশিত তালিকায় নেই স্টার্কের নাম। তার সঙ্গে নীতীশ রানা, অভিষেক পোরেল, পাথুম নিশাঙ্কা, বেন ডাকেট ও করুণ নায়ারের মতো ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে দলটি।

২০২৫ সালের মেগা নিলামে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নিয়েছিল দিল্লি। তাকে ছেড়ে দেওয়ায় ওই অর্থ দলটির নিলাম তহবিলে ফিরে এসেছে। সব মিলিয়ে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় নিলামে ৩৯ কোটি ৫০ লাখ রুপি খরচ করার সুযোগ থাকছে দিল্লির। দলটির স্কোয়াডে এখনো নয়টি জায়গা খালি রয়েছে, যার মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে চারজন।

স্টার্কের বিদায় দিল্লির বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ইনিংসের শেষ দিকে কার্যকর বোলিং করার সামর্থ্য রয়েছে তার। ফলে তার বিকল্প হিসেবে একজন অভিজ্ঞ বিদেশি পেসার খুঁজতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।

এদিকে ২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। বছরের শুরুতে ভারতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলবে দলটি। এরপর মার্চে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রয়েছে বিশেষ ম্যাচ।

জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও রয়েছে অস্ট্রেলিয়ার। এরপর জুন থেকে আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ খেলবে তারা। বছরের শেষ দিকে অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ এসব প্রতিযোগিতায় শতভাগ ফিট থাকতে আইপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক।

আন্তর্জাতিক ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার নজির অবশ্য আগেও রেখেছেন তিনি। ২০১৫ সালের পর দীর্ঘ নয় বছর আইপিএলে খেলেননি এই পেসার। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আবারও টুর্নামেন্টে ফেরেন তিনি। সেবার ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা, যা তখন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ শুনতে হলো ভারতীয় ক্রিকেট দলকে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে হ্যারি ব্রুকের দল।  বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরি এবং সনি বেকারের বোলিং নৈপুণ্যে হোবার্টে ৯৭ রানের বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বুধবার (১৮ নভেম্বর) হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে ৪৮ ওভার ৩ বলে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৬ ওভার ৫ বলে ২৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা বেন ডাকেট। আর সিরিজসেরার পুরস্কার জিতেছেন টম ব্যান্টন। ইংল্যান্ডের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার ডাকেট ও ব্যান্টন। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভার ৪ বলে ৭৪ রান যোগ করেন তারা। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে ৯টি চারে ৪৪ রান করে ফেরেন ব্যান্টন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জো রুট ১২, অধিনায়ক হ্যারি ব্রুক ১৭ এবং জর্ডান কক্স ১২ রান করে আউট হন। জফরা আর্চারও করতে পারেননি ৭ রানের বেশি। একপর্যায়ে ১৯৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করেন ডাকেট। ৯৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই তার প্রথম শতক। শেষ পর্যন্ত ১১৫ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে উইল জ্যাকসের ব্যাটে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় ইংল্যান্ড। ৪৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫৯ রান করেন তিনি। স্যাম কারান যোগ করেন ১৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস ৪টি এবং ম্যাট রেনশ ৩টি উইকেট নেন। ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ১০ বলের মধ্যেই দুই ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শকে ফিরিয়ে দেন গাস অ্যাটকিনসন ও সনি বেকার। এরপর জশ ইংলিসকেও সাজঘরে ফেরান বেকার। ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারি ৭৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রেনশ ৫৫ রান করে লিয়াম ডসনের শিকার হন। অন্যদিকে ক্যামেরন গ্রিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হওয়ার আগে ৩৭ রান করেন ক্যারি। এরপর চোটের কারণে মাঠ ছাড়তে হয় ক্যামেরন গ্রিনকে। অ্যাটকিনসনের বাউন্সার হেলমেটের গ্রিলে লেগে মুখে আঘাত পাওয়ার পর রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি। পরে কনকাশন পরীক্ষায় সমস্যার বিষয়টি নিশ্চিত হলে তার বদলি হিসেবে মাঠে নামেন অলিভার পিক। তবে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। কুপার কনোলি ২৯, জ্যাক এডওয়ার্ডস ৩১ ও জেভিয়ার বার্টলেট ১৬ রান করেন। বেকারের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩১ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ১৩ রানে অপরাজিত থাকেন মাহলি বেয়ার্ডম্যান। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন সনি বেকার। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। সমান ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট নেন লিয়াম ডসন। গাস অ্যাটকিনসন ও হ্যারি ব্রুক পান একটি করে উইকেট। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। এর আগে ১৯৭৪-৭৫ মৌসুমে একমাত্র ওয়ানডেতে জয় এবং ২০১৭-১৮ মৌসুমে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল তারা। তবে এবারের সিরিজ জয় বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ইংলিশদের জন্য। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের নজির গড়ল তারা। পার্থে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে ১৩৫ রানের জয় তুলে নেয় তারা। শেষ ম্যাচে হোবার্টেও দাপুটে পারফরম্যান্সে সিরিজ নিশ্চিত করে ব্রুকের দল। এ জয়ে আরও একটি কীর্তি গড়েছে ইংল্যান্ড। হোবার্টে এই প্রথম অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল তারা। অন্যদিকে নিজেদের মাঠে টানা দুই ওয়ানডেতে ৯০ রানের বেশি ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতাও হলো অস্ট্রেলিয়ার। আরটিভি/এসকে
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
আইপিএলের নতুন আসর শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় আসছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিটির ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে দিচ্ছেন অন্যতম মালিক জয় মেহতা।
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
থাইল্যান্ডকে হারিয়েও আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ। বুধবার (১৮ নভেম্বর) ওমানের আজমানে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
জোহানেসবার্গ টেস্টে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের প্রথম সেশনেই ৫৫৭ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৪০০ রান।
জোহানেসবার্গ টেস্টে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
আরও পড়ুন
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক