
পেরুর বিপক্ষে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ৪-১ গোলের এই জয়ের ম্যাচটি বিশেষ হয়ে থাকল আরও একটি কারণে এক ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ১১ জন ফুটবলারের। তাদের বেশিরভাগই ছিলেন তরুণ। আর এই ম্যাচেই ইতিহাস গড়েছেন ১৬ বছর বয়সী কাভান সুলিভান।
শনিবার পেরুর বিপক্ষে ১৬ বছর ৩৬২ দিন বয়সে যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হয় সুলিভানের। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক নেওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন তিনি। তার আগে এই রেকর্ড ছিল ফ্রেডি আদুর দখলে। ২০০৬ সালে ১৬ বছর ২৩৪ দিন বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেছিলেন আদু।
পেরুর বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের একাধিক তরুণ ফুটবলার নজর কেড়েছেন। ম্যাচ শুরুর আগেই ঘরের মাঠের দুই তারকা অ্যালেক্স ফ্রিম্যান ও জাস্টিন এলিসকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন তরুণ সুলিভানও। যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে ম্যাচের শুরু থেকেই তার দিকে ছিল বাড়তি নজর।
ম্যাচে ৬২ মিনিট মাঠে ছিলেন সুলিভান। গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও তার খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। একাধিকবার বল নিয়ে পেরুর রক্ষণভাগে আক্রমণ চালানোর চেষ্টা করেন তিনি। তবে অতিরিক্ত উদ্দীপনার কারণে পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন এই তরুণ।
অভিষেকেই ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে ঘরের দর্শকদের মাতিয়ে দেন জাস্টিন এলিস। প্রাক-ম্যাচ আতশবাজির ধোঁয়া পুরোপুরি কাটার আগেই তার গোলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্টেডিয়ামজুড়ে।
এরপর ১৭ বছর বয়সী উইঙ্গার ম্যাথিস আলবার্ট মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই পেনাল্টি আদায় করে নেন। স্পট কিক থেকে গোল করে যুক্তরাষ্ট্রের ব্যবধান বাড়ান মালিক টিলম্যান।
ম্যাচের তৃতীয় গোলটি আসে ১৮ বছর বয়সী জুলিয়ান হলের পা থেকে। সেবাস্তিয়ান বেরহল্টারের দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে পেরুর জালে পাঠান হল।
এরপর ম্যাচের অন্যতম সেরা গোলটি করেন বেরহল্টার নিজেই। দূরপাল্লার বাঁকানো শটে পেরুর গোলরক্ষককে পরাস্ত করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন তিনি।
তবে বড় ব্যবধানে জয় পেলেও ম্যাচটি পুরোপুরি নিখুঁত ছিল না যুক্তরাষ্ট্রের জন্য। প্রথমার্ধে রক্ষণভাগের ভুলে একটি গোল হজম করতে হয়েছে তাদের। পাশাপাশি আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল পেরু। ফলে দলটির কোচ মরিসিও পচেত্তিনির জন্য রক্ষণভাগের এই দুর্বলতাগুলো ভাবনার কারণ হতে পারে।
আরটিভি/এসকে



