
ফুটবলে সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি নতুন পরিচয় ‘ডক্টর’ উপাধি যুক্ত হতে যাচ্ছে। আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারকে সম্মানসূচক ডক্টরেট দিতে যাচ্ছে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির দেওয়া সর্বোচ্চ সম্মানসূচক স্বীকৃতি এটি।
সর্বসম্মতিক্রমে মেসিকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়টির সুপিরিয়র কাউন্সিল। মূলত মেসির অসাধারণত্ব, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তার দায়বদ্ধতাকেই বিশেষভাবে এখানে তুলে ধরা হয়েছে।
আগামী ৬ অক্টোবর মেসির হাতে এই সম্মানসূচক ডক্টরেট তুলে দেওয়া হবে। আর দিনটি তার জন্য হয়ে উঠবে আরও আবেগঘন। কারণ, একই দিন, কয়েক ঘণ্টা পরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে রেকর্ড আটবারের এই ব্যালন ডি’অর জয়ীর।
মনুমেন্টালে বিশেষভাবে আয়োজিত বিদায়ী ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। দেশের হয়ে এটি তার ২০৮তম ও শেষ ম্যাচ হতে যাচ্ছে।
এ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে “তিনি যে বিদায়ের যোগ্য, সেই বিদায় দেওয়ার জন্যই” এই ম্যাচের আয়োজন করা হয়েছে।
আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ পথচলায় অসংখ্য স্মরণীয় অর্জন রয়েছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ—সবই তার ট্রফি ক্যাবিনেটে জায়গা করে নিয়েছে।
একইসঙ্গে তার পায়ের জাদু আর্জেন্টাইন সমর্থকসহ বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তবে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের এই সম্মান শুধু মেসির ট্রফি কিংবা পরিসংখ্যানের জন্য নয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিনয়, অধ্যবসায় এবং আর্জেন্টিনার সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন প্রতিনিধি হিসেবে ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকারদো গেলপি মেসিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন আদর্শ এবং দূত হিসেবে উল্লেখ করেছেন।
সব মিলিয়ে, আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি শেষবারের মতো গায়ে তোলার আগে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে আরও একটি বিশেষ পরিচয় ‘ডক্টর মেসি’।
আরটিভি/এসআর



