
তিন মেয়াদ ধরে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন জিয়ান্নি ইনফান্তিনো। চতুর্থ মেয়াদেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এবার নির্বাচনী লড়াইয়ে তার সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম ঘোষণা করেছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রেমন ভেগা।
৫৫ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার ফিফা সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে জানিয়েছেন, ফুটবলের সেবা এবং বিশ্ব ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ করাই তার মূল লক্ষ্য।
ভেগা বলেন, ‘আমার উদ্দেশ্য ফুটবলের সেবা করা এবং যারা এই খেলাকে প্রাণবন্ত করে, তাদের সেবা করা। বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করা, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনা, একবিংশ শতাব্দীর জন্য ফিফাকে আধুনিক করা, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং আমাদের খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আস্থা পুনর্নির্মাণ করতে নির্বাচনে দাঁড়াচ্ছি।’
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন ভেগা। তার মতে, ফুটবল কোনো ব্যক্তি, সভাপতি কিংবা প্রশাসকের সম্পত্তি নয়; বরং খেলাটির সঙ্গে যুক্ত সবার।
তিনি বলেন, ‘ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকের সম্পত্তি নয়। ফুটবল যেকোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়। এটি জনগণের খেলা এবং এটি সবার ফুটবলার, কোচ, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক, ক্লাব, লিগ, অ্যাসোসিয়েশন এবং সেইসব সম্প্রদায়ের, যারা ফুটবলকে জীবন্ত করে।’
দীর্ঘদিনের নেতৃত্বের কারণে ফিফার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন ভেগা। ইনফান্তিনোর নেতৃত্বাধীন বর্তমান ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান নেতৃত্ব খেলাটির মনোবল ভেঙে দিয়েছে। দুর্বল শাসনব্যবস্থা ফিফার বিশ্বাসযোগ্যতার ক্ষতি করেছে এবং বিশ্ব ফুটবল পরিবারে আস্থা ক্ষুণ্ণ করেছে। এই সংঘাতকে আরও বাড়তে দেওয়া আমাদের অবশ্যই থামাতে হবে।’
স্প্যানিশ অভিবাসী দম্পতির সন্তান রেমন ভেগা বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডে। ১৩ বছরের বেশি সময়ের খেলোয়াড়ি ক্যারিয়ারে দেশটির কয়েকটি ক্লাবে খেলার পর ১৯৯৭ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ১৯৯৮-৯৯ মৌসুমে জেতেন ইংলিশ লিগ কাপ। পরে ধারে সেল্টিকে খেলতে গিয়ে ২০০০-০১ মৌসুমে জেতেন স্কটিশ ট্রেবল। ক্যারিয়ারের শেষ দিকে খেলেছেন ওয়াটফোর্ডেও।
সুইজারল্যান্ড জাতীয় দলের হয়েও ২৩টি ম্যাচ খেলেছেন সাবেক এই সেন্টার ব্যাক। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে দেশটির হয়ে অংশ নেন তিনি। ২০০৩ সালে মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানান ভেগা।
এর আগে ২০১৯ ও ২০২২ সালেও ফিফা সভাপতি নির্বাচনে ভেগার প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনী দৌড়ে নামেননি তিনি। এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে সামনে আনলেন সাবেক এই সুইস ফুটবলার।
আরটিভি/এসকে



