
উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-২ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি উসকানিমূলক ব্যানারের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে কাতালান ক্লাবটি।
ম্যাচ শুরুর আগে প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে খেলোয়াড়েরা মাঠে নামার সময় গোলপোস্টের পেছনের গ্যালারিতে বিশাল একটি ব্যানার প্রদর্শন করেন পিএসজি সমর্থকেরা। ব্যানারটিতে মুখোশ পরা এক ব্যক্তিকে করাত দিয়ে বার্সেলোনার ব্যাজ কাটতে দেখা যায়। এর নিচে লেখা ছিল, ‘ম্যাসাকার, প্যারিসিয়ান স্টাইল’। বার্তাটিকে বার্সেলোনার বিরুদ্ধে আক্রমণাত্মক ও উসকানিমূলক হিসেবে দেখা হচ্ছে।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ব্যানারটির দৃশ্য ও বার্তাকে আপত্তিকর বিবেচনা করেই উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে বার্সেলোনা। তবে এ বিষয়ে উয়েফার কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্যালারির বিতর্কের পাশাপাশি মাঠেও কঠিন সময় পার করেছে বার্সেলোনা। পিএসজির আক্রমণের মুখে ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। গত এক দশকে বার্সেলোনার বিপক্ষে কোনো অফিশিয়াল ম্যাচে সর্বোচ্চ ১৫টি শট নেয় পিএসজি।
ম্যাচে দলের পারফরম্যান্স ও খেলোয়াড়দের ভুল নিয়ে হতাশা প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা অনেক ভুল করেছি। বিশেষ করে বল দখলে, আমরা খুব সহজে বল হারিয়েছি। তবে এটা বুঝতে হবে যে খেলোয়াড়েরা তরতাজা ছিল না বলেই এই ভুলগুলো হয়েছে। গত কয়েক সপ্তাহে তাদের ওপর দিয়ে যা গেছে, তা অবিশ্বাস্য।’
প্যারিসে যাওয়ার আগেও প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছিল বার্সেলোনা। আবহাওয়াজনিত কারণে স্পেনে দলের বিমান আটকে যায়। এতে প্যারিসে পৌঁছাতে দেরি হওয়ায় স্বাভাবিক প্রস্তুতিও ব্যাহত হয়। যদিও বিষয়টিকে অজুহাত হিসেবে দেখাতে চাননি ফ্লিক, তবে খেলোয়াড়দের ক্লান্তি ম্যাচে প্রভাব ফেলেছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
পিএসজির কাছে হারের ধাক্কা কাটিয়ে এখন পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিতে হবে বার্সেলোনাকে। আগামী রোববার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফ্লিকের দল। দুই দলের এই লড়াই ঘিরে এরই মধ্যে বাড়ছে উত্তেজনা।
আরটিভি/এসকে




