
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গতকাল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর আজ পর্তুগালের কাছে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২৪ অক্টোবর) পর্তুগালের বিপক্ষে ম্যাচের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। পরে তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় পর্তুগাল।
এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ফুটবল ফেস্টিভ্যালকে বৈশ্বিক আয়োজনে রূপ দিয়েছে ফিফা। এতে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচ হচ্ছে এইট-এ-সাইড পদ্ধতিতে, যেখানে দুই অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিট খেলা হয়।
এই আসরের জন্য দল গঠনে আগে থেকেই কাজ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২৪ সালের শেষদিকে শুরু হওয়া অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের মাধ্যমে দেশজুড়ে প্রতিভাবান ফুটবলার খোঁজা হয়। সেখান থেকে খেলোয়াড় বাছাই করে ক্যাম্প আয়োজন করা হয়। পরে ওপেন ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়।
সব মিলিয়ে দুই মাসের কিছু বেশি সময়ের প্রস্তুতি নিয়ে আজারবাইজানে খেলতে গেছে বাংলাদেশের কিশোররা। অভিজ্ঞতা ও ফুটবলের মানে ওয়েলস-পর্তুগাল বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও তাদের বিপক্ষে ড্র এবং লিড নিয়ে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য ইতিবাচক। পরের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম জয়ের খোঁজে নামবে বাংলাদেশ।
আরটিভি/এসআর



