
চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডে পিএসজির কাছে হেরে মনোবলে বড় ধাক্কাই লেগেছিল বার্সেলোনার। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে কাতালানরা। ঘরের মাঠে অ্যাস্টোন ভিলা রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) ন্যু ক্যাম্পে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। শুরুতেই লামিনে ইয়ামালের গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ইউরোপের সবচেয়ে সফল গোলদাতা রাফিনিয়া।
এদিন সপ্তম মিনিটে নিজেদের ভুলে গোল খায় সফরকারীরা। গোল কিক থেকে মারাত্মক ভুলে জোয়াও গোমেস সরাসরি ইয়ামালকে পাস দেন, ১২ গজ দূর থেকে তিনি কোনাকুনি শটে গোল করেন।
ভিলা কয়েক মিনিটের মধ্যে সমতা ফেরানোর কাছে ছিল। দুটি কর্নার থেকে বার্সার এলেমেলো রক্ষণভাগের সুযোগ নিয়ে গোল করতে পারতো তারা। প্রথমে ম্যাটি ক্যাশের দূরের পোস্ট থেকে নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে যায়।
পরেরটিতে গোমেস ভেবেছিলেন, তিনি হয়তো তার ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। কিন্তু শেষ মুহূর্তে জোয়াও কানসেলো দারুণভাবে ব্লক করেন তার শট। ভিলা আত্মবিশ্বাস ফিরে পায় এবং বার্সার অর্ধে আক্রমণ করে।
১৯তম মিনিটে সমতা ফেরানোর কাছে ছিল। নিকোলাস জ্যাকসন ডানপ্রান্ত দিয়ে এগিয়ে বল বাড়ান। জোহান মানজাম্বি গোলবারের পাশ দিয়ে বল মারেন। জ্যাকসনকে আবারও হতাশ হতে হয়। তাকে শুধু জোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেই হতো।
কিন্তু বার্সা কিপার এগিয়ে এসে পা দিয়ে ট্যাকল করে বল বিপদমুক্ত করেন। মানজাম্বি বক্সে ঢুকলে আবারও ভিলা হুমকি তৈরি করে, কিন্তু গার্সিয়া তা রুখে দেন। এত এত সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে অতিথি দলকে।
৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ফারমিন লোপেজ বক্সের প্রান্তে রাফিনিয়াকে বল দেন এবং তার শট পাউ তোরেসের গোড়ালিতে লেগে দিক পাল্টে গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়।
১২ মিনিট পর আসে তৃতীয় গোল। কানসেলো জন ম্যাকগিনকে কাটিয়ে রাফিনিয়াকে বল দেন, ছয় গজ দূর থেকে গোল করতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১৯ গোল হলো তার।
লিওন গোরেৎকার একটি চমৎকার হেড গোলপোস্টে লাগলে ভিলার স্কোরশিটে নাম লেখা হয়নি। তারপর বোবাকার কামারাকে ভুল পাস দিয়ে বিপদে পড়েন ভিলা গোলরক্ষক জিওন সুজুকি। ফিরতি শটে ফারমিনকে রুখে দেন তিনি।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ কিশোর গোলদাতা হওয়া ইয়ামাল পরে দুটি শট নিলেও গোলবারের পাশ দিয়ে মারেন।
চার ম্যাচে ভিলার সমান ৯ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে বার্সা। শীর্ষ দল পিএসজির (১২) চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা।
আরটিভি/এসআর




