
ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দলকে আমন্ত্রণ জানিয়ে বড় আয়োজন করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আর তাতেই বিপাকে পড়েছে ভারত। দুটি প্রীতি ম্যাচের পুরো পারিশ্রমিক এখনও বুঝে পায়নি ব্রাজিল ও উরুগুয়ে।
গত ৩ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এরপর ৬ নভেম্বর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে মাঠে নামে ভারত। দুটি ম্যাচই হয়েছিল কলকাতায়।
এর আগে ২৫ সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও একটি ম্যাচ খেলেছিল তারা। পানামা পুরো পারিশ্রমিক বুঝে পেলেও ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত পাওনা অর্থের অর্ধেক পেয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কাছে প্রায় ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের কাছে ৪ কোটি ৭০ লাখ রুপি দেনা রয়েছে এআইএফএফের। মূলত টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত আয় না হওয়ায় আর্থিক সংকটে পড়েছে এআইএফএফ।
ম্যাচগুলো থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের আশা করেছিল ভারত। কিন্তু টিকিটের চড়া দামের কারণে দর্শকদের আগ্রহ প্রত্যাশা অনুযায়ী ছিল না। পরে কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্য ছাড়ে টিকিট বিক্রি করা হয়। ব্রাজিলের ম্যাচে চালু করা হয় একটি কিনলে আরেকটি বিনা মূল্যে পাওয়ার অফারও।
এমন পরিস্থিতিতে বকেয়া পরিশোধ করতে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দিয়েছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সভায় সদস্যরা এর বিরোধিতা করেন।
তাদের যুক্তি, জরুরি প্রয়োজন ছাড়া এই অর্থ ব্যবহার করা উচিত নয়। ফেডারেশনের সহসভাপতি এনএ হারিসও মনে করিয়ে দেন, স্থায়ী আমানত থেকে অর্থ না তোলার সিদ্ধান্ত আগেই নিয়েছিল নির্বাহী কমিটি।
স্থায়ী আমানতটি করা হয়েছিল প্রফুল প্যাটেলের সভাপতিত্বের সময়। ভার্চুয়াল সভায় উপস্থিত প্যাটেলও আমানত ভাঙার প্রস্তাবের বিরোধিতা করেন। পরে বকেয়া পরিশোধের বিষয়টি খতিয়ে দেখতে হারিসের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত হয়।
এদিকে টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে পাওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থের একটি অংশও ফেরত দিতে হতে পারে ফেডারেশনকে। কারণ, ওই অর্থ ছিল শর্তসাপেক্ষে ফেরতযোগ্য অগ্রিম।
ভারতে প্রথমবার খেলতে এসে তারকাখচিত দল নিয়ে এসেছিল ব্রাজিল। দলে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস, পিএসজির অধিনায়ক মারকিনিয়োস ও চেলসির এস্তেভাও।
এত বড় তারকাদের উপস্থিতি সত্ত্বেও ম্যাচ আয়োজনের আর্থিক দায় মেটাতে এখন চ্যালেঞ্জের মুখে ভারতীয় ফুটবল ফেডারেশন। দেনা পরিশোধ করতে সময় বাড়ানোর আবেদনও করেছে তারা।
আরটিভি/এসআর




