ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত

জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল আর্জেন্টিনা। লা বোম্বোনেরায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। তবে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় উরুগুয়ে।

৪৮তম মিনিটে জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রি-কিক থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লিওনার্দো বালের্দি। আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পাঁচ মিনিট পর দে আরাসকায়েতার কর্নার থেকে ম্যাক্সি আরাউহোর গোলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা।

ম্যাচের ৭৮তম মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

পরিসংখ্যানেও আর্জেন্টিনার আধিপত্য ছিল স্পষ্ট। পুরো ম্যাচে ৭২ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা। লক্ষ্যে ছয়টি শট নেয় আর্জেন্টিনা, যেখানে উরুগুয়ের শট ছিল তিনটি। তবে উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়ারমারিনের পাঁচটি দুর্দান্ত সেভ আর্জেন্টিনার জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষক জেরোনিমো রুলি করেন দুটি সেভ।

এটি ছিল দুই দলের ১৯৮তম রিও দে লা প্লাতা ডার্বি। এই জয়ে আর্জেন্টিনার বিপক্ষে উরুগুয়ের জয়সংখ্যা দাঁড়াল ৫৯-এ। বিপরীতে আর্জেন্টিনার জয় ৯২টি, আর ড্র হয়েছে ৪৬টি ম্যাচ।

উল্লেখ্য, গত মাসে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন মেসি। ২০৭ ম্যাচে ১২৫ গোলের অসাধারণ কীর্তি গড়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তাঁর অনুপস্থিতিতে প্রথম ম্যাচেই হার দিয়ে নতুন অধ্যায় শুরু হলো আর্জেন্টিনার।

চলতি বছর আরও একটি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। আগামী ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির
সাফ চ্যাম্পিয়নসশিপের সেমিফাইনালে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান ও ভুটান-ভারত। এই দুই ম্যাচে দর্শকদের নিরাপত্তার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারত ও ভুটান এবং রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।  গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাই স্টেডিয়ামে আগত দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানা গেছে, সেমিফাইনালে স্টেডিয়ামের গেট দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তাই যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ডিএমপি। আরটিভি/এসআর
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির
পাকিস্তান ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন ডুলি
২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নসশিপের ট্রফি জিতেছে বাংলাদেশ দল। দীর্ঘ ২৩ বছর আবারও সেই ট্রফি ঘরের তোলার সুযোগ রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। তবে সেই আক্ষেপ ঘোচাতে হলে সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর পর ফাইনালে বাজিমাত করতে হবে হামজা-ফারহানদের। ফলে সাফের সেমিফাইনালটা খুবই গুরুত্বপূর্ণ স্বাগতিকদের কাছে। তাই প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে একটু চিন্তা করছেন কোচ টমাস ডুলি। শুক্রবার (১৩ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্সের কথা উল্লেখ করে অনুশীলনের ফাঁকে ডুলি বলেন, আমি শুরু থেকেই বলছি, প্রতিটি দলই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এখন পাকিস্তানের বিপক্ষে খেলাটাই সম্ভবত সবচেয়ে কঠিন। ওরা খুব শক্তিশালী। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে দারুণ ফল করেছে এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। তাই কোনোভাবেই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানের দলে ইউরোপে খেলা পাঁচ জন প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ায় চ্যালেঞ্জ আরও বাড়বে বলে মনে করেন ডুলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। কোচের প্রত্যাশা, আগের ম্যাচের লড়াকু মানসিকতা ধরে রাখতে পারবে বাংলাদেশ। ডুলি বলেন, আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে, আমরা ফুটবল খেলতে পারি, লড়াই করতে পারি। আমরা সমর্থকদের জন্য খেলি। পাকিস্তানকেও দেখাতে হবে, আমাদের হারানো সহজ নয়। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। ম্যাচটি লড়াইয়ের হবে। তবে ফল নিজেদের পক্ষে আনতে সর্বোচ্চ চেষ্টা করব। পাকিস্তানের এক স্ট্রাইকারের তিন গোল নিয়েও প্রশ্ন করা হয় বাংলাদেশ কোচকে। জবাবে নিজের রক্ষণভাগের ওপর আস্থা প্রকাশ করেন তিনি।  ডুলির ভাষায়, আমি সবাইকে নিয়েই চিন্তিত। তবে আমাদের রক্ষণভাগও শক্তিশালী। আমাদের বিপক্ষে কেউ গোল করতে পারেনি। ম্যাচের পর ম্যাচ আমরা আরও শক্তিশালী হচ্ছি। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতেও আমাদের রক্ষণভাগ ভালো। শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে কারা বেশি জিততে চায় তার ওপর। আজকের মিটিংয়েও আমরা বলব, আমাদের চেয়ে বেশি জয়ের ক্ষুধা আর কারও নেই। সেমিফাইনালের আগে পাকিস্তান পাঁচ দিন বিশ্রাম পেলেও সেটিকে বড় করে দেখছেন না ডুলি। তার মতে, বিশ্রাম কিছুটা সহায়ক হলেও মাঠের পারফরম্যান্স নির্ভর করবে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর।  তিনি বলেন, আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতে হবে। আর সাফ জিততে হলে শেষ পর্যন্ত সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য। শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে স্বস্তি ফিরিয়েছে কোচের মধ্যে। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ ও ফারহান আলীর ভূমিকার প্রশংসা করেছেন তিনি। ডুলির মতে, বিশ্বনাথকে প্রচলিত অর্থে স্ট্রাইকার বলা না গেলেও প্রতিপক্ষের বিপজ্জনক জায়গায় ঢোকার সামর্থ্য আছে তার। তিনি বলেন, চারটি গোল করলে অবশ্যই স্বস্তি লাগে। অনেকে বলেছে, বিশ্বনাথ নাম্বার নাইন নয়, ইব্রাহিমও নাম্বার নাইন নয়। কিন্তু বিশ্বনাথ এমন একজন, যে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে। একজন নাম্বার নাইনকে এমন জায়গায় যেতে হয়, যেখানে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলাতে হয়। অনেকেই সেটা করে না। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব তিনটি সুযোগ পেয়েছিল, অল্পের জন্য গোল হয়নি। দর্শকদের প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ কোচ। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আরও বেশি দর্শক দেখতে চান তিনি।  ডুলি বলেন, ‘স্টেডিয়ামে সম্ভবত আট-নয় হাজার আসন ফাঁকা ছিল। আশা করি, এবার সেগুলো পূর্ণ হবে। দর্শকরা মাঠে এসে আমাদের খেলোয়াড়দের উৎসাহ দেবেন, পুরো দলকে এগিয়ে যেতে শক্তি জোগাবেন। আগের ম্যাচে যারা এসেছিলেন, তাদের সমর্থন ছিল অসাধারণ। তবে আরও বেশি দর্শক এলে আমাদের জন্য তা বাড়তি অনুপ্রেরণা হবে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালকে ফাইনালের মতোই গুরুত্ব দিচ্ছেন ডুলি। ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে ফাইনালে ওঠাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। আরটিভি/এসআর
পাকিস্তান ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন ডুলি
বার্সা-ব্রাজিলের টানাটানিতে এবার মুখ খুললেন রাফিনিয়া
ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার প্রতি নিজের অঙ্গীকারের কথা আবারও স্পষ্ট করেছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। শারীরিকভাবে ফিট থাকলে জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচে এবং যত বেশি সম্ভব সময় মাঠে থাকতে চান বলে জানিয়েছেন তিনি।
বার্সা-ব্রাজিলের টানাটানিতে এবার মুখ খুললেন রাফিনিয়া
অবসরের পর এবার বিনোদন জগতে রোনালদো
ফুটবল মাঠের বাইরে এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ প্রযোজনার কাজ শুরু করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
অবসরের পর এবার বিনোদন জগতে রোনালদো
জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম, বাড়ছে অস্বস্তি
ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ জিনেদিন জিদান ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম, বাড়ছে অস্বস্তি
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতিকে বেছে নিলেন রামোস
নভেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা কবে, কখন?