
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। অনুমতি ছাড়া বাণিজ্যিক ও প্রচারণামূলক কাজে নিজের নাম, ছবি এবং অডিও-ভিজ্যুয়াল উপাদান ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘এ২৪’-এর বরাতে গোল ডট কম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে মেসির একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। তবে মেসি বা তার প্রতিনিধিদের অনুমতি ছাড়াই আর্জেন্টিনার একটি প্রতিদ্বন্দ্বী বিয়ার কোম্পানির বিজ্ঞাপনে জাতীয় দলের জার্সিতে তার ছবি ব্যবহার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়ার অনুমতিতেই বিজ্ঞাপনটিতে মেসির ছবি ব্যবহার করা হয়।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মেসি মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড তার ব্যক্তিগত বাণিজ্যিক চুক্তি ও আন্তর্জাতিক স্পনসরদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি করছে। এ কারণে আইনজীবীদের মাধ্যমে এএফএ নেতৃত্বের কাছে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
নোটিশে এএফএ ও এর কর্মকর্তাদের যেকোনো বাণিজ্যিক কিংবা প্রচারণামূলক কাজে মেসির নাম, ছবি ও অডিও-ভিজ্যুয়াল উপাদান ব্যবহার অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।
শুধু বাণিজ্যিক স্বত্বের বিষয়ই নয়, এএফএর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ এবং ফেডারেশনের অব্যবস্থাপনাও মেসির অসন্তোষের কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সভাপতি ক্লাউদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধে ক্লাবগুলোর পাওনা অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ছাড়া বেনিনের বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। এসব ঘটনায় আর্জেন্টাইন ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া নিয়েও অসন্তুষ্ট মেসি।
আর্জেন্টাইন সাংবাদিক নিকোলাস উইনাজকির তথ্য অনুযায়ী, জাতীয় দলের স্বার্থের বাইরে ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক লাভের জন্য নিজের ইমেজ ব্যবহারের পথ বন্ধ করতেই এই কঠোর অবস্থান নিয়েছেন মেসি। একই সঙ্গে তাপিয়া ও তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছেন বলে দাবি করা হয়েছে।
দীর্ঘদিনের সুসম্পর্কের পর মেসির এমন পদক্ষেপ আর্জেন্টাইন ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেসি কিংবা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরটিভি/এসকে


