
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি। একই সঙ্গে জাতীয় দলের হয়ে ৪৭তম ক্লিন শিট অর্জন করে ছুঁয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিও রোমেরোর রেকর্ড।
বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে কোস্টারিকাকে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। গোলপোস্টের নিচে দায়িত্ব সামলানো মার্তিনেজের জন্য ম্যাচটি হয়ে ওঠে ব্যক্তিগত অর্জনেরও উপলক্ষ। জাতীয় দলের জার্সিতে এটি তার ৪৭তম ক্লিন শিট। এর আগে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ডটি ছিল রোমেরোর দখলে।
তবে সমান ৪৭টি ক্লিন শিট অর্জন করলেও পারফরম্যান্সের পরিসংখ্যানে রোমেরোর চেয়ে এগিয়ে মার্তিনেজ। রোমেরো ৯৬ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন। তার ক্লিন শিটের হার ৪৮ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে মাত্র ৭১ ম্যাচেই সমানসংখ্যক ক্লিন শিট পেয়েছেন মার্তিনেজ। তার সাফল্যের হার ৬৫ দশমিক ৭১ শতাংশ।
কোস্টারিকার বিপক্ষে পুরো ম্যাচে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি মার্তিনেজকে। তবে প্রথমার্ধের ১৮ মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণ ঠেকিয়ে গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। চোয়ালের চোট কাটিয়ে মাঠে ফিরে এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক।
ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘আমি খুব খুশি। খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাটা সব সময়ই আছে। আমার সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে। এবার চোয়াল ভেঙেছে। আমার ভালো থাকা দরকার ছিল। কারণ, সতীর্থদের আমাকে শতভাগ ফিট অবস্থায় প্রয়োজন।’
এদিকে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথচলা নিয়েও কথা বলেছেন মার্তিনেজ। তার মতে, মেসির অনুপস্থিতিতে দলের অন্য খেলোয়াড়েরা বাড়তি দায়িত্ব নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।
মার্তিনেজ বলেন, ‘আমরা জানতাম, আমাদের বাড়তি চেষ্টা করতে হবে। লিও ছাড়া এ সময়ে আমরা জিততে চেয়েছি। ছেলেরা আর্জেন্টিনার হয়ে খেলতে ভালোবাসে এবং নিজেদের উজাড় করে দেয়। তারা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে।’
সমর্থকদের ভালোবাসা ফিরে পাওয়াকেও নিজেদের অন্যতম লক্ষ্য হিসেবে দেখছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। তার ভাষায়, ‘আমরা আবার মানুষের ভালোবাসা জিততে চাই।’
রেকর্ড স্পর্শের পাশাপাশি গোলপোস্টের নিচে ধারাবাহিকতার প্রমাণ দিয়ে আবারও আর্জেন্টিনার আস্থার প্রতীক হয়ে উঠেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
আরটিভি/এসকে


