
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম। সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাসুদ আহমেদ মিলন।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি গঠনের আদেশ দেওয়া হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতজন। তারা হলেন আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. জাবেদ, মাজহারুল ইসলাম খান, হাজী মো. ইউসুফ, লুৎফর রহমান, কামাল আনোয়ার আহমেদ, গোলাম সারওয়ার ফারুক ও শারাফাতউল্ল্যা আরিফ।
যুগ্ম সম্পাদক হয়েছেন আশরাফুল আলম মাসুম ও মো. নাদিম। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল আহসান আকন্দ। এ ছাড়া কমিটির ১৭ সদস্যের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়।
নতুন দায়িত্ব পেয়ে দেশের রোলার স্কেটিংয়ের মানোন্নয়ন ও খেলাটিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সভাপতি কায়েস আহমেদ সেলিম। তিনি বলেন, ‘রোলার স্কেটিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। যত দিন দায়িত্বে থাকব, ফেডারেশনের মানোন্নয়ন ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।’
দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের রোলার স্কেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
কায়েস আহমেদ সেলিম বলেন, ‘আমরা যেহেতু একটি ক্রীড়া ফেডারেশন, তাই দেশ-বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে আমাদের অংশ নিতে হবে। পাশাপাশি দেশেও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা এই কার্যক্রম সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব।’
এ ছাড়া আসন্ন বিজয় দিবসে ফেডারেশনের পক্ষ থেকে ব্যতিক্রমী ও বর্ণিল আয়োজনের পরিকল্পনার কথাও জানান নতুন সভাপতি।
আরটিভি/এসকে


