
ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ই-মেইলসহ নানা ধরনের তথ্যের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে গুগল অ্যাকাউন্ট। তাই নিজের অজান্তে অন্য কারও ফোন বা কম্পিউটারে জিমেইল লগইন থাকলে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই জানা সম্ভব, আপনার গুগল অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগইন করা রয়েছে।
যেভাবে লগইন করা ডিভাইসের তালিকা দেখবেন
প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে প্রবেশ করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে ‘Google’ অপশনে চাপ দিন। সেখান থেকে ‘Manage your Google Account’ নির্বাচন করুন।
এরপর অ্যাকাউন্টের ওপরের মেনু থেকে ‘Security’ অপশনে প্রবেশ করুন। নিচের দিকে স্ক্রল করে ‘Your devices’ বিভাগে গিয়ে ‘Manage all devices’ নির্বাচন করুন।
এবার আপনার গুগল অ্যাকাউন্ট যেসব ফোন, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসে লগইন করা রয়েছে, সেগুলোর তালিকা দেখতে পাবেন। কোনো ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে সেটির নামের ওপর চাপ দিন।
অপরিচিত ডিভাইস দেখলে যা করবেন
ডিভাইসের তালিকায় অপরিচিত কোনো ফোন বা কম্পিউটার দেখতে পেলে সেটি থেকে অ্যাকাউন্ট সাইন আউট করে দিন। এ জন্য সংশ্লিষ্ট ডিভাইস নির্বাচন করে ‘Sign out’ অপশনে চাপ দিতে হবে।
তবে মনে রাখতে হবে, একই ডিভাইসের একাধিক সেশন দেখা যেতে পারে। তাই কোনো ডিভাইস অপরিচিত মনে হলেই সেটি যে অননুমোদিত, তা নিশ্চিত নয়। সন্দেহজনক মনে হলে বিস্তারিত তথ্য যাচাই করুন।
সন্দেহ হলে পরিবর্তন করুন পাসওয়ার্ড
অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের আশঙ্কা থাকলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন। নতুন পাসওয়ার্ডটি আগেরটির থেকে আলাদা ও শক্তিশালী রাখুন। পাশাপাশি ‘2-Step Verification’ চালু রাখুন। এতে পাসওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হবে, যা অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে।
নিয়মিত যাচাই করাই নিরাপদ
নিজের গুগল অ্যাকাউন্টে কোন কোন ডিভাইস থেকে প্রবেশ করা হচ্ছে, তা নিয়মিত যাচাই করা উচিত। বিশেষ করে অন্যের ফোন বা কম্পিউটারে সাময়িকভাবে জিমেইল ব্যবহার করলে কাজ শেষে অবশ্যই সাইন আউট করতে হবে।
অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দেরি না করে পাসওয়ার্ড পরিবর্তন, অপরিচিত ডিভাইস থেকে সাইন আউট এবং নিরাপত্তা সেটিংস যাচাই করুন। এতে ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ নথির সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।
আরটিভি/এসকে


