
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রাজিলে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে আগাম অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের শিল্প ও নিরাপত্তা ব্যুরো এ সিদ্ধান্ত জানায়। তৃতীয় দেশের তথ্যকেন্দ্র ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো যাতে দূর থেকে উন্নত চিপ ব্যবহারের সুযোগ না পায়, তা নিশ্চিত করাই এ বিধিনিষেধের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশের মাধ্যমে চীনে উন্নত চিপ সরবরাহের ঝুঁকি রয়েছে। তাই দেশগুলোতে চিপ রপ্তানির ক্ষেত্রে নতুন অনুমোদন ব্যবস্থা চালু করা হয়েছে।
এদিকে এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচর সংশ্লিষ্টতার অভিযোগের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। ওই অভিযোগের তদন্তের মধ্যে গত সপ্তাহে পদত্যাগ করেন হুয়াং। তবে চীন এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
এ ঘটনার প্রভাবে বিশ্ববাজারেও প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে দরপতন হয়েছে। সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ১২ শতাংশ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মঙ্গলবার (১৭ নভেম্বর) এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ



