
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। তবে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে মেজাজ হারিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।
গতকাল (মঙ্গলবার) কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সেখানকার রাস্তায় দেখা যায় বাবরক। তার সঙ্গে ছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কিছু কর্তা। বাবরকে রাস্তায় দেখে এগিয়ে যান পাকিস্তানের বেশ কিছু সমর্থক। প্রায় ঘিরে ধরেন তারা। পাক অধিনায়কের ছবি তুলতে থাকেন। সেটা দেখেই রেগে যান বাবর।
আনন্দবাজার প্রতিবেদন থেকে জানা যায়, বাবর আজম প্রথমে বলেন, ‘২ মিনিট সময় দেবে আমাকে? ২ মিনিট সময় দেবে।’ তার পরে কিছু ক্ষণ নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তিনি। যারা জড়ো হয়েছিলেন তাদের সরিয়ে দেওয়ার ইশারা করেন হাত দিয়ে। নিরাপত্তারক্ষীরা সবাইকে সেখান থেকে সরিয়ে দেন।
ঘটনার এখানেই শেষ হয়নি। বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলে সেখান থেকে ফেরার সময় আবার কিছু সমর্থক বাবরের দিকে এগিয়ে আসেন। এবার আরও রেগে যান পাক অধিনায়ক।
তিনি বলেন, এটা কী হচ্ছে, আমি কথা বলছি। তোমরা আমার ওপর চেপে পড়ছ। ভিডিও করছ। এসব কী? এ কথা বলে সেখান থেকে দ্রুত বেরিয়ে যান বাবর।
উল্লেখ্য, বাবর আজমের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে পাকিস্তান। ৯ জুন ভারতের মুখোমুখি হবে তারা।




