
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইবে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিশেষজ্ঞ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কুয়াশার কারণে অব্যাহত থাকবে।
গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সিনপটিক অবস্থায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এই অবস্থার প্রভাব বাংলাদেশের পশ্চিমাঞ্চলে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশের সঙ্গে যুক্ত রয়েছে।
আরটিভি/এসকে


