
রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দুপুরের মধ্যে ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর এ তথ্য নিশ্চিত করে।
পূর্বাভাসে জানানো হয়, ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের সার্বিক তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে আগামী ৫ দিনের জন্য দেওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে এবং তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরটিভি/এআর


