
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোরে কুয়াশা, উত্তরের হিমেল বাতাস আর সন্ধ্যা নামতেই বেড়ে যাচ্ছে ঠান্ডা। এক দিনের ব্যবধানে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার এ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল থেকে ঠান্ডা বাড়তে থাকে। বিশেষ করে গভীর রাত ও ভোরে শীত বেশি অনুভূত হচ্ছে। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
আরটিভি/জেএমএ




