ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে: কাদের গনি চৌধুরী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
বক্তব্য রাখছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী : ছবি সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে জিয়া পরিবার কখনো আপস করেনি।

তিনি বলেন, ৭ নভেম্বর শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার দিন।

গত ১২ নভেম্বর বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘আলোচনা ও কবিতাপাঠ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদানের কথা উল্লেখ করে কাদের গনি বলেন, ১৯৭১ সালে রাজনৈতিক নেতৃত্বের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল। রাজনৈতিক নেতৃত্ব যখন এ কাজ করতে ব্যর্থ হয়, তখন একজন তরুণ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে সেদিন স্বাধীন করেছিলেন। সেদিন থেকেই জিয়াউর রহমান গণমানুষের আপনজন হয়ে উঠেন। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো স্বাধীনতা, সেটি অর্জনে শহীদ জিয়ার অবদান ইতিহাসে অমর হয়ে আছে।

তিনি বলেন, বেগম জিয়ার এক ছেলেকে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ফখরুদ্দীন-মঈনুদ্দীন সরকার। আরেক ছেলেকে নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, তবুও তিনি আপস করেননি। তাকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। দেশের মানুষের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ও অঙ্গীকারের কারণেই তিনি কঠিন পরিস্থিতিতেও আপস করেননি। আওয়ামী লীগ সরকারের সময়ও বেগম খালেদা জিয়া মাথা নত করেননি। দেশের বিভিন্ন সংকটে জিয়া পরিবারের ভূমিকার কারণে মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা তৈরি হয়েছে।

কাদের গনি চৌধুরী বলেন, দীর্ঘ সময়-এ দিবসটি পালন করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এখন আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী সবাইকে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

বর্তমান সরকারের প্রসঙ্গ উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি স্বাভাবিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে। এ উদ্যোগকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের চলমান নৈরাজ্য ও সহিংসতা বন্ধ করতে হবে। অতীতের দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কবি জাহাঙ্গীর ফিরোজ বলেন, ৭ নভেম্বরের চেতনায় সমৃদ্ধ আজকের এই বাংলাদেশ। শহীদ জিয়ার বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীকে সহ্য করা হবে না।

কবি শাহীন রেজা বলেন, জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস, নৈরাজ্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

ড.শহিদ আজাদ বলেন, যে কোনো আন্দোলন সংগ্রামে কবিরা চিরকাল অগ্রণী ভুমিকা পালন করে এসেছে। তারেক রহমানের দেশগড়ার আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা পালন করবে।

রফিকুল ইসলাম বলেন, আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করতে হবে।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক জামাল উদ্দিন জামাল। সূচনা বক্তব্য দেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট কবি জাহাঙ্গীর ফিরোজ।

অনুষ্ঠানে কবি সৈয়দ রনো এবং সৈয়দ জাহিদ মাহমুদের সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, কবি ফেরদৌস সালাম, কবি সাজেদা আলী হেলেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি কামরুজ্জামান, কলামিষ্ট সালেক উদ্দীন, কবি শাহিন রিজভী, কবি ও শিক্ষাবিদ কবি ড. মিতা আলী, কবি আবীর বাঙ্গালী, মোসলেহ উদ্দিন, সৈয়দ জাহিদ মাহমুদ, জাবেদ পাটোয়ারী, জেসমিন দীপা, নুরুল আবছার, রি হোসাইন, নাহিন শিল্পী, ড.এটিএম আসলাম, গোলাম মাওলা শিকদার, মাহমুদুন্নবী জ্যোতি, কাজী রহিম শাহরিয়ার,সঞ্চয় কবীর, দিপাস আনোয়ার, সরকার হুমায়ুন, কবি ও আবৃত্তিশিল্পী শোভা চৌধুরী, নোমান রহমান, গোলাম সাকলাইন, মুজিবুর রহমান বকুল, মাহমুদুল হাসান বিশ্বাস, সাইফুল হক, জুবাইদা আলম, মুক্তি আল মাহমুদ খান, আশরাফুল আলম, এম গিয়াস খান, ফরহাদ হোসেন, কাজী সাব্বীর, এস এম শাহনূর প্রমুখ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
অমর একুশে বইমেলায় আসছে কবি হুসাইন পল্লবের কাব্যগ্রন্থ ‘নীলাভ নক্ষত্র’
আসন্ন অমর একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি ও লেখক হুসাইন পল্লবের নতুন কাব্যগ্রন্থ ‘নীলাভ নক্ষত্র’। প্রেম, বিরহ, অপেক্ষা, প্রাপ্তি ও অপ্রাপ্তির নানা অনুভূতি নিয়ে সাজানো বইটি ইতোমধ্যে সাহিত্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
অমর একুশে বইমেলায় আসছে কবি হুসাইন পল্লবের কাব্যগ্রন্থ ‘নীলাভ নক্ষত্র’
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
উপমহাদেশের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ মুসলিম সাহিত্যিক  মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হতে যাচ্ছে তার স্মৃতিবিজড়িত জন্মভিটা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রাম। 
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৭৮তম জন্মদিন। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে আজ সারা দিন ধরেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীতে মোমবাতি জ্বালানো হয়।
নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ
অন্তর্লীন অগ্নিদাহ
রোদটা অস্বাভাবিক রকম তীব্র ছিল সেদিন। যেন আকাশ নিজেই কাউকে শাস্তি দিতে চায়। সেই রোদের মধ্যেই দ্রুত পা ফেলে হাঁটছিল শিহাব। ডান হাতে মোবাইল, বাম হাতে মোটরসাইকেলের চাবি—মাথার ভেতর অস্থির ঢেউয়ের মতো তোলপাড় চলছে। শুধু একটি বাক্য তার কানে গেঁথে আছে— ‘আমিই চাকরিটা নেবোই। তোমার অনুমতি লাগবে কেন?’ ঝুমা শেষ রাতে এই কথাটুকু বলেছিল। তারপর দীর্ঘ নীরবতা। আর সেই নীরবতাই যেন শিহাবের ভেতরের সমস্ত ক্ষোভ, অভিমান আর অস্থিরতা একসঙ্গে জাগিয়ে তুলেছিল। শিহাব ভাবছিল, এতদিন তো সব ঠিকঠাকই ছিল। অথচ এখন যেন প্রতিটি কথাই ঝগড়ায় গড়ায়। মনে হয় দু’জন দুই গ্রহের মানুষ—কেউ কারো কথা বোঝাতে পারে না। আর বাড়ির লোকজন? তারাও সুযোগ পেলেই পাহাড় বানিয়ে ফেলে ইটখণ্ড থেকে। আজ সকালে শিহাবের মা রাাবেয়া আক্তার রাবু হুট করে ফোন করে বললেন— ‘বাবা, একটু আসো তো। জরুরি দরকার।’ মায়ের কণ্ঠে জরুরি মানে সাধারণত খারাপ কিছুই। শিহাব দোতলার উঠোনে ঢুকতেই দেখতে পেলেন—মামা, অর্থাৎ অবসরপ্রাপ্ত অধ্যাপক মাসুক মমিন মামা বসে আছেন। মাসুক মামা চিরকুমার সভার অন্যতম সদস্য। এখন মামার চোখে সেই নরম স্পর্শ, সেই দায়বদ্ধতা, সেই স্নেহ। ‘আসো, বসো শিহাব।’ মামার কণ্ঠে অদ্ভুত কোমলতা। শিহাব কিছু বলার আগেই মামা ধীরে বললেন— ‘মানুষের চিন্তার জগৎটা যে কত বড়, কত বৈচিত্র্যময়—এটা আমরা ভুলে যাই। দুইজন মানুষ সব বিষয়ে একই ভাবে ভেবে উঠে, এমন তো হয় না। তোমার ভাবনা তোমার, ঝুমার ভাবনা তার। অমিল তো থাকবেই। অমিল মানেই বিচ্ছেদ নয়।’ কথাগুলো এত সহজ, অথচ এত কঠিন। শিহাবের বুকের ভেতর যেন কিছু নড়ে উঠল। কিন্তু মনে মনে সে বলল— ‘যিনি সংসার করেননি, তিনি কী বুঝবেন?’ মামা যেন তার মনের কথাই শুনে ফেললেন। হাসলেন মৃদু। ‘মনে কষ্ট থাকলে, রাগ থাকলে, কারো কথা ভালো লাগে না—যতই সত্য হোক। তুমি এখন অনেক চাপের ভেতর আছো, আমি বুঝি।’ অথচ শিহাব কিছু বলল না। মামা আরো বললেন— ‘নিরুকে নিয়ে ভাবো। ওর বয়স মাত্র পাঁচ। ওর ছোট্ট ভবিষ্যৎ তোমাদের উভয়ের সিদ্ধান্তে বাঁধা। তুমি যদি একগুঁয়েমির দেয়াল তোলো, আর ঝুমার স্বাধীনতাকে শত্রু ভাবো—নিরু মাঝখানে পিষে যাবে।’ শিহাব মাথা নুইয়ে রাখল। সত্য কথা গুলো কাঁটার মতো বিঁধছে। কিন্তু সে কেন বুঝছে না—ঝুমা বদলে গেছে? ঝুমার মনে কি আর আগের মতো তার জন্য জায়গা নেই? দুই. অন্যদিকে, একই সময়ে ঝুমা নিজের মায়ের বাড়ির বারান্দায় বসে। মুখে চাপা বিষণ্নতা। পাশের ঘরে নিরু খেলছে ছোট ছোট ব্লক নিয়ে। মাঝে মাঝে তাকিয়ে প্রশ্ন করে— ‘মা, আমরা কখন বাসায় ফিরবো?’ ঝুমা উত্তর দিতে পারে না। ওর মা সাবেরা মাহমুদের কণ্ঠে খচখচে বিরক্তি— ‘তোমাদের আর ওই বাসায় ফেরা হবে না…’ ঝুমা চুপ। মা বোঝেন না—তার সমস্যা জেদ নয়, তার সমস্যা শ্বাসরুদ্ধ অনুভূতি। ঝুমা বহুদিন ধরেই নিজের জন্য কিছু করতে চাইছিল। সবসময় মনে হতো—তারও একটা অস্তিত্ব আছে, একটা নিজস্বতা আছে। শিহাবের প্রতি তার অভিযোগও খুব বড় কিছু নয়—শুধু স্বীকৃতি, সম্মান। সে চাকরি করতে চায়, একটু স্বাধীনতা চায়—এটাই কি এত বড় অপরাধ? কিন্তু সমস্যা চাকরির নয়। সমস্যা ছিল আচরণে—তার চাওয়াটা শুনতে চায়নি কেউ। যেন সে কোনো ভুল করছে। ঝুমা মনেই মনে বলল— ‘আমি কী ভুল করেছি? নিজের জন্য বাঁচতে চেয়েছি এতটুকু?’ ওর ভেতরটা হাহাকার করে উঠল। মা কঠিন গলায় বললেন— ‘চাইলে আমরা কোর্টে গিয়ে মামলা করে দিতাম। তোর কষ্ট দেখলে আমার মাথা গরম হয়।’ ঝুমা একদম কাঁপা গলায় বলল— ‘মা, এসব বলো না। বিচ্ছেদ… আমি চাই না।’ ‘চাস না? তাহলে ফিরছো কবে ওই গোঁয়ারের ঘরে?’ মায়ের গলায় আবার রাগ। ঝুমা চুপ। সে হয়তো ফিরতে চায়—তবু ভয় পায়। ফিরে গেলে যদি আবার একই সমস্যা হয়? যদি আবার কেউ তাকে শুনতে না চায়? তিন. মাসুক মমিন মামার কথা শেষ হওয়ার পর শিহাব বাসার গেস্টরুমে একাকী বসে রইল। মাথায় ঘুরতে লাগল—অহংকার? অভিমান? নাকি পুরুষতান্ত্রিক শেখানো ধারণা? সব মিলিয়ে একটা জট পাকানো অন্ধকার। সে নিজের ভেতর ঢুকতে চাইল। কিন্তু ভয় লাগছে। হঠাৎ তার শৈশবের একটা কথা মনে পড়ল— বাবা সবসময় বলতেন, ‘স্ত্রীকে শাসনে রাখলেই ঘর টেকে।’ আর মা কখনো কিছু বলতেন না। আজ বুঝছে, সেই ভুল ধারণাই হয়তো তাকে অভ্যস্ত করে দিয়েছে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়ার প্রবণতায়। কিন্তু ঝুমা কি আসলে ভুল করেছে? মামার শেষ কথাটা তার মাথায় খোঁচা দিচ্ছিল— ‘নেতিবাচক চিন্তা শয়তানের কাজ। সে কখনো বন্ধুর রূপে, কখনো স্বজনের রূপে আসে।’ হঠাৎ মনে পড়ল—গত রাতে তার বন্ধু রুহান তাকে ফোন করে বলেছিল— ‘দেখ, মেয়েদের বেশি স্বাধীনতা দিতে নেই! আজকে চাকরি করবে, কালকে মাথায় উঠবে!’ শিহাব কী পাগলের মতো সেটাই বিশ্বাস করেছিল! হঠাৎ মনে হলো—তার সিদ্ধান্তগুলো আসলে সে নিজের নয়, বরং অন্যের ভয় থেকে ধার করছে। চার. সন্ধ্যায় মা বললেন— ‘বাবা শিহাব, নিরুকে ছাড়া থাকতে তোমার কষ্ট হয় না?’ শিহাব চুপ। চোখ ভিজে উঠল। মা নরম করে বললেন— ‘শোন, সংসার মানে শত্রুতা নয়। কেউ ভুল করতেই পারে। সেও মানুষ, তুমিও মানুষ। ক্ষমা করতে শেখো।’ শিহাব এবার মায়ের হাতটা ধরে ফেলল। ‘মা, আমি কি তাহলে সত্যিই… অহংকারী হয়ে গেছি?’ মা মৃদু হাসলেন— ‘অহংকার নয়, তুমি শুধু মিছে ভয় পাচ্ছ। ভয়—তোমার কর্তৃত্বের জায়গা হারাবে। ভয়—সে তোমাকে প্রয়োজন মনে করবে না। ভয়—তুমি কম গুরুত্ব পাবে। কিন্তু এই ভয়টাই তোমার সম্পর্কটাকে খাচ্ছে।’ শিহাব গভীর শ্বাস নিল—যেন প্রথমবার কিছু বুঝতে পারল। পাঁচ. দু’দিন পর সকালে মামা আবার বাসায় এলেন। এবার তার সঙ্গে ছিল একটি ছোট খাম। খুলে দেখালেন— ভেতরে একটি ছোট কাগজে লেখা— ‘শক্ত মানুষ সে নয়, যে নিজের নিয়মে সবাইকে চালায়; শক্ত মানুষ সে—যে নিজের ভুল বুঝে ক্ষমা চাইতে জানে।’ মামা বললেন— ‘যা হোক, সিদ্ধান্ত তোমার। কিন্তু মনে রেখো—একটা পরিবার ভাঙলে শুধু দুইজন মানুষ ভাঙে না, ভাঙে পুরো প্রজন্মের মানসিকতা।’ শিহাবের বুকের ভেতর আবার কিছু নড়ে উঠল। ছয়. অনেক হিসাব-নিকাশের পর শিহাব সিদ্ধান্ত নিল—আজই ঝুমার কাছে যাবে। নিরুকে নিয়ে আসবে। ঝুমার সঙ্গে কথা বলবে। সে এবার শুনতে চায়। শুধু নিজের কথা নয়—ঝুমারও। ঝুমার মায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে তার হাঁটু কাঁপছিল। দরজায় বেল দিতেও অদ্ভুত ভয়। ঝুমা দরজা খুলে দাঁড়াতেই শিহাব হঠাৎ কথা হারিয়ে ফেলল। এতদিন পর দেখা—কিন্তু দু’জনের মুখে কেবল ক্লান্তি। ঝুমা চোখ নামিয়ে বলল— ‘এসেছো?’ ‘হ্যাঁ… কথা বলতে চেয়েছি।’ দু’জনই বসলো। নিরু দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। সেই চাপা উষ্ণতাতে শিহাবের বুকটা কেঁপে উঠল। মনে হলো—এই ছোট্ট মানুষটাই তাদের ভাঙা সম্পর্কের শেষ সেতু। শিহাব ধীরে বলল— ‘ঝুমা… আমি তোমাকে শুনিনি। তুমি যে চাকরিটা করতে চেয়েছিলে—তা নিয়ে আমি অভিমান করেছিলাম। হয়তো ভুল করেছি।’ ঝুমা চোখ তুলল। প্রথমবার। ‘তুমি ভুল করোনি। তোমার ভয় ছিল। আর আমিও নিজের কথা বোঝাতে পারিনি।’ শিহাব নিঃশ্বাস নিয়ে বলল— ‘আরেকবার চেষ্টা করতে পারি? দু’জনেই?’ ঝুমার গলা কেঁপে উঠল। ‘চাইলে তুমি তোমার মতো চাকরি করো। আর চাইলে আমাকে আবার শুরু করতে দাও। তোমাকে স্বাধীন মনে বাঁচতে দিতে পারি—এটা বুঝেছি।’ ঝুমা চুপচাপ তাকিয়ে থাকল। তারপর ধীরে ধীরে বলল— ‘আমরা কি পারবো?’ ‘হ্যাঁ… যদি দু’জনেই শুনতে শুনতে শিখি।’ ঝুমা হঠাৎ চোখের পানি মুছে বলল— ‘তাহলে চলো… নিরুকে নিয়ে বাসায় ফিরি।’ নিরু উল্লাসে চিৎকার করল— ‘আমরা বাসায় ফিরবো? একসাথে?’ দু’জনের অমিল থাকা সত্ত্বেও আজ যেন মনে হলো—অন্তরের অন্ধকার কিছুটা হলেও সরে গেছে। সাত. বাসায় ফিরতেই শিহাবের মা কাঁধে হাত রেখে বললেন— ‘আজকে তোমরা দু’জনই বড় হলে। নিজের স্বার্থের চেয়ে সম্পর্ককে বড় ভাবলে। এখান থেকেই সংসার শুরু হয়।’ মামা হেসে বললেন— ‘মানুষের ভেতরের অগ্নিদাহ নিভে যায় না কখনো, তবে নিয়ন্ত্রণ করা যায়। আর নিয়ন্ত্রণ করতে হলে—সহনশীলতা আর শ্রবণশক্তি লাগে।’ শিহাব ও ঝুমা একে অপরের দিকে তাকালো। অদ্ভুত হাসি—বলছে, হ্যাঁ, চেষ্টা করা যায়। রাতে বারান্দায় দু’জন বসে থাকল। ঝুমা বলল—‘আমি চাকরি করবো, তবে পরিবারকে বুকে নিয়েই।’ শিহাব বলল—‘আর আমি শিখবো— তোমার সীমারেখা সম্মান করতে।’ হঠাৎ আকাশে হালকা হাওয়া বইল। মনে হলো—ঝড় শেষে শান্তি আসার পথেই হাঁটছে তারা। আট. প্রিয় পাঠক, এই গল্পে কোনো নায়ক-নায়িকা নেই। আছে কেবল ভুল বোঝাবুঝির পাহাড়, অহংকারের কাঁটা, ভয় আর সামাজিক চাপ। মানুষ সম্পর্ক ভাঙে না ইচ্ছে করে—ভাঙে শোনা না-শোনার কারণে, সামাজিক চাপের কারণে, অপরিচিত ভয় আর অন্যের পরামর্শে নিজের সিদ্ধান্ত হারানোর কারণে। কিন্তু একবার যদি দু’জন মানুষ একে অপরের কথার আড়ালের কথা শুনতে পারে—তবে সম্পর্ক টিকে যায়। শিহাব আর ঝুমা আজও হয়তো অন্যদিন ঝগড়া করবে, অমিল থাকবে— কিন্তু এবার তারা জানে— কোনো অমিলই সম্পর্কের চেয়ে বড় নয়। আর নিরু? সে বড় হয়ে শিখবে—ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরকে বুঝে বড় হওয়া। আরটিভি/এমএম
অন্তর্লীন অগ্নিদাহ
আরও পড়ুন
‘ভুয়া সাংবাদিকে দেশ ভরে গেছে, আসলদের শনাক্তে তালিকা প্রয়োজন’