ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। এ সময় সংগঠনের সদস্য, উপদেষ্টা এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বগুড়া লেখক চক্রের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক লিখিত বক্তব্যে বলেন, কবি সম্মেলনে ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে এ বছর বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায়- এমরান কবির, কথাসাহিত্যে- নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক- রহমান রাজু (‘আনর্ত’ পত্রিকার জন্য), গবেষণা সাহিত্যে- মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে-ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায়-শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক-রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মো. বায়েজিদ শেখ।

তিনি জানান, আগামী ২৭-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন শতাধিক কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিনকর্মিরা অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, সংগঠনের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ ও কবি শাকিবুল শাকিল, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রাণী মোহন্ত, বখতিয়ার হোসাইন, মোমিন শাওনসহ সংগঠনের অন্যান্য কবিরা।

এ ছাড়া সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দল অন্যরকম এর অলক পাল।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক আরও বলেন, বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৮ বছর ধরে কাজ করে যাচ্ছে বগুড়া লেখক চক্র। প্রতি বছরের মতো এ বছরও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৭-২৯ নভেম্বর, ২০২৬ তিন দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিন কর্মীদের আমন্ত্রণ জানানো হবে। ২৭ নভেম্বর সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, ২টি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্যুভেনির এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে। কবি সম্মেলনের ২য় দিন অর্থাৎ ২৮ নভেম্বর বিকাল ৪টায় স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৮ (আট) জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। কবি সম্মেলনের দ্বিতীয় দিন তাঁদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করবেন প্রধান অতিথি। উল্লেখ্য, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রথার প্রবর্তন করা হয়। কবি সম্মেলন সফল করতে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী, সংস্কৃতিজন, সুধীজনসহ সবার সহযোগিতা কামনা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অমর একুশে বইমেলায় আসছে কবি হুসাইন পল্লবের কাব্যগ্রন্থ ‘নীলাভ নক্ষত্র’
আসন্ন অমর একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি ও লেখক হুসাইন পল্লবের নতুন কাব্যগ্রন্থ ‘নীলাভ নক্ষত্র’। প্রেম, বিরহ, অপেক্ষা, প্রাপ্তি ও অপ্রাপ্তির নানা অনুভূতি নিয়ে সাজানো বইটি ইতোমধ্যে সাহিত্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
অমর একুশে বইমেলায় আসছে কবি হুসাইন পল্লবের কাব্যগ্রন্থ ‘নীলাভ নক্ষত্র’
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
উপমহাদেশের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ মুসলিম সাহিত্যিক  মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হতে যাচ্ছে তার স্মৃতিবিজড়িত জন্মভিটা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রাম। 
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৭৮তম জন্মদিন। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে আজ সারা দিন ধরেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীতে মোমবাতি জ্বালানো হয়।
নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ
অন্তর্লীন অগ্নিদাহ
রোদটা অস্বাভাবিক রকম তীব্র ছিল সেদিন। যেন আকাশ নিজেই কাউকে শাস্তি দিতে চায়। সেই রোদের মধ্যেই দ্রুত পা ফেলে হাঁটছিল শিহাব। ডান হাতে মোবাইল, বাম হাতে মোটরসাইকেলের চাবি—মাথার ভেতর অস্থির ঢেউয়ের মতো তোলপাড় চলছে। শুধু একটি বাক্য তার কানে গেঁথে আছে— ‘আমিই চাকরিটা নেবোই। তোমার অনুমতি লাগবে কেন?’ ঝুমা শেষ রাতে এই কথাটুকু বলেছিল। তারপর দীর্ঘ নীরবতা। আর সেই নীরবতাই যেন শিহাবের ভেতরের সমস্ত ক্ষোভ, অভিমান আর অস্থিরতা একসঙ্গে জাগিয়ে তুলেছিল। শিহাব ভাবছিল, এতদিন তো সব ঠিকঠাকই ছিল। অথচ এখন যেন প্রতিটি কথাই ঝগড়ায় গড়ায়। মনে হয় দু’জন দুই গ্রহের মানুষ—কেউ কারো কথা বোঝাতে পারে না। আর বাড়ির লোকজন? তারাও সুযোগ পেলেই পাহাড় বানিয়ে ফেলে ইটখণ্ড থেকে। আজ সকালে শিহাবের মা রাাবেয়া আক্তার রাবু হুট করে ফোন করে বললেন— ‘বাবা, একটু আসো তো। জরুরি দরকার।’ মায়ের কণ্ঠে জরুরি মানে সাধারণত খারাপ কিছুই। শিহাব দোতলার উঠোনে ঢুকতেই দেখতে পেলেন—মামা, অর্থাৎ অবসরপ্রাপ্ত অধ্যাপক মাসুক মমিন মামা বসে আছেন। মাসুক মামা চিরকুমার সভার অন্যতম সদস্য। এখন মামার চোখে সেই নরম স্পর্শ, সেই দায়বদ্ধতা, সেই স্নেহ। ‘আসো, বসো শিহাব।’ মামার কণ্ঠে অদ্ভুত কোমলতা। শিহাব কিছু বলার আগেই মামা ধীরে বললেন— ‘মানুষের চিন্তার জগৎটা যে কত বড়, কত বৈচিত্র্যময়—এটা আমরা ভুলে যাই। দুইজন মানুষ সব বিষয়ে একই ভাবে ভেবে উঠে, এমন তো হয় না। তোমার ভাবনা তোমার, ঝুমার ভাবনা তার। অমিল তো থাকবেই। অমিল মানেই বিচ্ছেদ নয়।’ কথাগুলো এত সহজ, অথচ এত কঠিন। শিহাবের বুকের ভেতর যেন কিছু নড়ে উঠল। কিন্তু মনে মনে সে বলল— ‘যিনি সংসার করেননি, তিনি কী বুঝবেন?’ মামা যেন তার মনের কথাই শুনে ফেললেন। হাসলেন মৃদু। ‘মনে কষ্ট থাকলে, রাগ থাকলে, কারো কথা ভালো লাগে না—যতই সত্য হোক। তুমি এখন অনেক চাপের ভেতর আছো, আমি বুঝি।’ অথচ শিহাব কিছু বলল না। মামা আরো বললেন— ‘নিরুকে নিয়ে ভাবো। ওর বয়স মাত্র পাঁচ। ওর ছোট্ট ভবিষ্যৎ তোমাদের উভয়ের সিদ্ধান্তে বাঁধা। তুমি যদি একগুঁয়েমির দেয়াল তোলো, আর ঝুমার স্বাধীনতাকে শত্রু ভাবো—নিরু মাঝখানে পিষে যাবে।’ শিহাব মাথা নুইয়ে রাখল। সত্য কথা গুলো কাঁটার মতো বিঁধছে। কিন্তু সে কেন বুঝছে না—ঝুমা বদলে গেছে? ঝুমার মনে কি আর আগের মতো তার জন্য জায়গা নেই? দুই. অন্যদিকে, একই সময়ে ঝুমা নিজের মায়ের বাড়ির বারান্দায় বসে। মুখে চাপা বিষণ্নতা। পাশের ঘরে নিরু খেলছে ছোট ছোট ব্লক নিয়ে। মাঝে মাঝে তাকিয়ে প্রশ্ন করে— ‘মা, আমরা কখন বাসায় ফিরবো?’ ঝুমা উত্তর দিতে পারে না। ওর মা সাবেরা মাহমুদের কণ্ঠে খচখচে বিরক্তি— ‘তোমাদের আর ওই বাসায় ফেরা হবে না…’ ঝুমা চুপ। মা বোঝেন না—তার সমস্যা জেদ নয়, তার সমস্যা শ্বাসরুদ্ধ অনুভূতি। ঝুমা বহুদিন ধরেই নিজের জন্য কিছু করতে চাইছিল। সবসময় মনে হতো—তারও একটা অস্তিত্ব আছে, একটা নিজস্বতা আছে। শিহাবের প্রতি তার অভিযোগও খুব বড় কিছু নয়—শুধু স্বীকৃতি, সম্মান। সে চাকরি করতে চায়, একটু স্বাধীনতা চায়—এটাই কি এত বড় অপরাধ? কিন্তু সমস্যা চাকরির নয়। সমস্যা ছিল আচরণে—তার চাওয়াটা শুনতে চায়নি কেউ। যেন সে কোনো ভুল করছে। ঝুমা মনেই মনে বলল— ‘আমি কী ভুল করেছি? নিজের জন্য বাঁচতে চেয়েছি এতটুকু?’ ওর ভেতরটা হাহাকার করে উঠল। মা কঠিন গলায় বললেন— ‘চাইলে আমরা কোর্টে গিয়ে মামলা করে দিতাম। তোর কষ্ট দেখলে আমার মাথা গরম হয়।’ ঝুমা একদম কাঁপা গলায় বলল— ‘মা, এসব বলো না। বিচ্ছেদ… আমি চাই না।’ ‘চাস না? তাহলে ফিরছো কবে ওই গোঁয়ারের ঘরে?’ মায়ের গলায় আবার রাগ। ঝুমা চুপ। সে হয়তো ফিরতে চায়—তবু ভয় পায়। ফিরে গেলে যদি আবার একই সমস্যা হয়? যদি আবার কেউ তাকে শুনতে না চায়? তিন. মাসুক মমিন মামার কথা শেষ হওয়ার পর শিহাব বাসার গেস্টরুমে একাকী বসে রইল। মাথায় ঘুরতে লাগল—অহংকার? অভিমান? নাকি পুরুষতান্ত্রিক শেখানো ধারণা? সব মিলিয়ে একটা জট পাকানো অন্ধকার। সে নিজের ভেতর ঢুকতে চাইল। কিন্তু ভয় লাগছে। হঠাৎ তার শৈশবের একটা কথা মনে পড়ল— বাবা সবসময় বলতেন, ‘স্ত্রীকে শাসনে রাখলেই ঘর টেকে।’ আর মা কখনো কিছু বলতেন না। আজ বুঝছে, সেই ভুল ধারণাই হয়তো তাকে অভ্যস্ত করে দিয়েছে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়ার প্রবণতায়। কিন্তু ঝুমা কি আসলে ভুল করেছে? মামার শেষ কথাটা তার মাথায় খোঁচা দিচ্ছিল— ‘নেতিবাচক চিন্তা শয়তানের কাজ। সে কখনো বন্ধুর রূপে, কখনো স্বজনের রূপে আসে।’ হঠাৎ মনে পড়ল—গত রাতে তার বন্ধু রুহান তাকে ফোন করে বলেছিল— ‘দেখ, মেয়েদের বেশি স্বাধীনতা দিতে নেই! আজকে চাকরি করবে, কালকে মাথায় উঠবে!’ শিহাব কী পাগলের মতো সেটাই বিশ্বাস করেছিল! হঠাৎ মনে হলো—তার সিদ্ধান্তগুলো আসলে সে নিজের নয়, বরং অন্যের ভয় থেকে ধার করছে। চার. সন্ধ্যায় মা বললেন— ‘বাবা শিহাব, নিরুকে ছাড়া থাকতে তোমার কষ্ট হয় না?’ শিহাব চুপ। চোখ ভিজে উঠল। মা নরম করে বললেন— ‘শোন, সংসার মানে শত্রুতা নয়। কেউ ভুল করতেই পারে। সেও মানুষ, তুমিও মানুষ। ক্ষমা করতে শেখো।’ শিহাব এবার মায়ের হাতটা ধরে ফেলল। ‘মা, আমি কি তাহলে সত্যিই… অহংকারী হয়ে গেছি?’ মা মৃদু হাসলেন— ‘অহংকার নয়, তুমি শুধু মিছে ভয় পাচ্ছ। ভয়—তোমার কর্তৃত্বের জায়গা হারাবে। ভয়—সে তোমাকে প্রয়োজন মনে করবে না। ভয়—তুমি কম গুরুত্ব পাবে। কিন্তু এই ভয়টাই তোমার সম্পর্কটাকে খাচ্ছে।’ শিহাব গভীর শ্বাস নিল—যেন প্রথমবার কিছু বুঝতে পারল। পাঁচ. দু’দিন পর সকালে মামা আবার বাসায় এলেন। এবার তার সঙ্গে ছিল একটি ছোট খাম। খুলে দেখালেন— ভেতরে একটি ছোট কাগজে লেখা— ‘শক্ত মানুষ সে নয়, যে নিজের নিয়মে সবাইকে চালায়; শক্ত মানুষ সে—যে নিজের ভুল বুঝে ক্ষমা চাইতে জানে।’ মামা বললেন— ‘যা হোক, সিদ্ধান্ত তোমার। কিন্তু মনে রেখো—একটা পরিবার ভাঙলে শুধু দুইজন মানুষ ভাঙে না, ভাঙে পুরো প্রজন্মের মানসিকতা।’ শিহাবের বুকের ভেতর আবার কিছু নড়ে উঠল। ছয়. অনেক হিসাব-নিকাশের পর শিহাব সিদ্ধান্ত নিল—আজই ঝুমার কাছে যাবে। নিরুকে নিয়ে আসবে। ঝুমার সঙ্গে কথা বলবে। সে এবার শুনতে চায়। শুধু নিজের কথা নয়—ঝুমারও। ঝুমার মায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে তার হাঁটু কাঁপছিল। দরজায় বেল দিতেও অদ্ভুত ভয়। ঝুমা দরজা খুলে দাঁড়াতেই শিহাব হঠাৎ কথা হারিয়ে ফেলল। এতদিন পর দেখা—কিন্তু দু’জনের মুখে কেবল ক্লান্তি। ঝুমা চোখ নামিয়ে বলল— ‘এসেছো?’ ‘হ্যাঁ… কথা বলতে চেয়েছি।’ দু’জনই বসলো। নিরু দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। সেই চাপা উষ্ণতাতে শিহাবের বুকটা কেঁপে উঠল। মনে হলো—এই ছোট্ট মানুষটাই তাদের ভাঙা সম্পর্কের শেষ সেতু। শিহাব ধীরে বলল— ‘ঝুমা… আমি তোমাকে শুনিনি। তুমি যে চাকরিটা করতে চেয়েছিলে—তা নিয়ে আমি অভিমান করেছিলাম। হয়তো ভুল করেছি।’ ঝুমা চোখ তুলল। প্রথমবার। ‘তুমি ভুল করোনি। তোমার ভয় ছিল। আর আমিও নিজের কথা বোঝাতে পারিনি।’ শিহাব নিঃশ্বাস নিয়ে বলল— ‘আরেকবার চেষ্টা করতে পারি? দু’জনেই?’ ঝুমার গলা কেঁপে উঠল। ‘চাইলে তুমি তোমার মতো চাকরি করো। আর চাইলে আমাকে আবার শুরু করতে দাও। তোমাকে স্বাধীন মনে বাঁচতে দিতে পারি—এটা বুঝেছি।’ ঝুমা চুপচাপ তাকিয়ে থাকল। তারপর ধীরে ধীরে বলল— ‘আমরা কি পারবো?’ ‘হ্যাঁ… যদি দু’জনেই শুনতে শুনতে শিখি।’ ঝুমা হঠাৎ চোখের পানি মুছে বলল— ‘তাহলে চলো… নিরুকে নিয়ে বাসায় ফিরি।’ নিরু উল্লাসে চিৎকার করল— ‘আমরা বাসায় ফিরবো? একসাথে?’ দু’জনের অমিল থাকা সত্ত্বেও আজ যেন মনে হলো—অন্তরের অন্ধকার কিছুটা হলেও সরে গেছে। সাত. বাসায় ফিরতেই শিহাবের মা কাঁধে হাত রেখে বললেন— ‘আজকে তোমরা দু’জনই বড় হলে। নিজের স্বার্থের চেয়ে সম্পর্ককে বড় ভাবলে। এখান থেকেই সংসার শুরু হয়।’ মামা হেসে বললেন— ‘মানুষের ভেতরের অগ্নিদাহ নিভে যায় না কখনো, তবে নিয়ন্ত্রণ করা যায়। আর নিয়ন্ত্রণ করতে হলে—সহনশীলতা আর শ্রবণশক্তি লাগে।’ শিহাব ও ঝুমা একে অপরের দিকে তাকালো। অদ্ভুত হাসি—বলছে, হ্যাঁ, চেষ্টা করা যায়। রাতে বারান্দায় দু’জন বসে থাকল। ঝুমা বলল—‘আমি চাকরি করবো, তবে পরিবারকে বুকে নিয়েই।’ শিহাব বলল—‘আর আমি শিখবো— তোমার সীমারেখা সম্মান করতে।’ হঠাৎ আকাশে হালকা হাওয়া বইল। মনে হলো—ঝড় শেষে শান্তি আসার পথেই হাঁটছে তারা। আট. প্রিয় পাঠক, এই গল্পে কোনো নায়ক-নায়িকা নেই। আছে কেবল ভুল বোঝাবুঝির পাহাড়, অহংকারের কাঁটা, ভয় আর সামাজিক চাপ। মানুষ সম্পর্ক ভাঙে না ইচ্ছে করে—ভাঙে শোনা না-শোনার কারণে, সামাজিক চাপের কারণে, অপরিচিত ভয় আর অন্যের পরামর্শে নিজের সিদ্ধান্ত হারানোর কারণে। কিন্তু একবার যদি দু’জন মানুষ একে অপরের কথার আড়ালের কথা শুনতে পারে—তবে সম্পর্ক টিকে যায়। শিহাব আর ঝুমা আজও হয়তো অন্যদিন ঝগড়া করবে, অমিল থাকবে— কিন্তু এবার তারা জানে— কোনো অমিলই সম্পর্কের চেয়ে বড় নয়। আর নিরু? সে বড় হয়ে শিখবে—ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরকে বুঝে বড় হওয়া। আরটিভি/এমএম
অন্তর্লীন অগ্নিদাহ
হুমায়ূন আহমেদের ছোটগল্প ও ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে ‘চাঁদনী পসরে’
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তার সাহিত্যকর্মে ব্যবহৃত গানের সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ শ্রুতি আবৃত্তি অনুষ্ঠান ‘চাঁদনী পসরে’। আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠন ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের অধিকর্তা শহীদূল হক মিল্কী। অনুষ্ঠানটির নির্দেশনায় রয়েছেন জাহিদুর রহমান। আয়োজকদের পরিকল্পনায় হুমায়ূন আহমেদের ছোটগল্পের সাহিত্যিক আবেদন এবং তাঁর লেখায় ব্যবহৃত গানের আবহকে আবৃত্তি ও শ্রুতিনির্ভর পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরা হবে। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এক অনন্য নাম। সহজ ভাষায় গভীর জীবনবোধ, মানবিক সম্পর্ক, প্রেম, বিরহ, প্রকৃতি ও মানুষের মনোজগতের সূক্ষ্ম অনুভূতি তুলে ধরার অসাধারণ ক্ষমতা তাঁকে পাঠকের হৃদয়ে বিশেষ স্থান দিয়েছে। তার গল্পের চরিত্র, সংলাপ ও জীবনঘনিষ্ঠ বর্ণনা আজও পাঠক ও দর্শককে সমানভাবে আকৃষ্ট করে। তাঁর সাহিত্যকর্মকে আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায় নতুনভাবে উপস্থাপনের মধ্য দিয়ে সাহিত্যপ্রেমীদের জন্য তৈরি হবে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক আবহ। আয়োজক সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র মনে করে, এ আয়োজনের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে এবং আবৃত্তিচর্চার পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা। অনুষ্ঠানের বিস্তারিত • অনুষ্ঠানের নাম: চাঁদনী পসরে • আয়োজন: স্বরকল্পন আবৃত্তিচক্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি • অবলম্বন: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তাঁর ব্যবহৃত গান • নির্দেশনা: জাহিদুর রহমান • প্রধান অতিথি: আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব • বিশেষ অতিথি: মোহাঃ হারুন-অর-রশিদ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ শিল্পকলা একাডেমি • সভাপতিত্ব: শহীদূল হক মিল্কী, অধিকর্তা, স্বরকল্পন আবৃত্তিচক্র • তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার • সময়: সন্ধ্যা ৬টা • স্থান: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা। মিডিয়া পার্টনার: চ্যানেল ২৪ ও দেশ রূপান্তর। আরটিভি/এসআর
হুমায়ূন আহমেদের ছোটগল্প ও ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে ‘চাঁদনী পসরে’
আরও পড়ুন
স্কুলব্যাগে ইয়াবার ‘বড় চালান’ নিচ্ছিলেন উত্তরবঙ্গে, পথেই ধরা পাপ্পু 
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের লেজের অংশ চুরি, স্থানীয়দের ক্ষোভ
দরিদ্র পরিবারের কিশোরীকে অন্তঃসত্ত্বা করে পালালেন আদম ব্যবসায়ী