হাজীগঞ্জে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ মে ২০২৪ , ০১:০০ পিএম


হাজীগঞ্জে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

চাঁদপুরের হাজীগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ মে) সকালে ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নে নোয়াপাড়া সড়কের হাঁট খোলা বাড়ির পাশের খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এক নারী তার গৃহপালিত হাঁস ধরতে খালটিতে নামলে খালে কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে ভয়ে চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও সহকারী উপপরিদর্শক জাফর আহমেদ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ লাশটি উদ্ধারের পর স্থানীয়দের দেখালে কেউই মৃত এই নারীকে চিনেন না এবং স্থানীয় কেউ নিখোঁজও হননি বলে জানান। 

এদিকে ঘটনাটি তদন্তের জন্য খবর দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তারা রাতেই মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে মরদেহটি এই খালে পড়ে আছে। স্থানীয়রা কেউ যেহেতু মরদেহের পরিচয় জানেন না তাহলে সন্দেহ থাকছে। কেউ মেরে এখানে ফেলে গেছে কিনা তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে। এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ বলেন, মৃতদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে। তার পরিচয় সনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট নেওয়া পর্যন্ত সম্ভব হয়নি। তারপরও তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission