
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ (২১ মে)। ১৯৮০ সালের এই দিনে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন তিনি। দিনের প্রথম প্রহরেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ববি। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্ন্যান্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক এবং একই প্রতিষ্ঠান থেকে কমপেরেটিভ পলিটিকস বিষয়ে স্নাতকোত্তর করেন। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য তার দুই বছরের ছোট বোন টিউলিপ সিদ্দিক।
রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটি দেখভাল করেন। সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়ং বাংলা’র মাধ্যমে তিনি তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করছেন।
জাতির পিতার জীবনী গ্রাফিক্যাল উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘গ্রাফিক নভেল মুজিব’ প্রকাশের প্রধান কারিগর ও প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর শিশু-কিশোর ও তরুণদের কাছে তার ঘটনাবহুল জীবন নতুন রূপে তুলে ধরার জন্য বইটিকে তিনি গ্রাফিক নভেলে রূপ দেওয়ার উদ্যোগ নেন।
গ্রাফিক নভেল মুজিব ও ডটারস টেইল দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে আল জাজিরা টেলিভিশনে সম্প্রচারিত খ্যাতিমান ব্রিটিশ ব্রডকাস্টার ডেভিড ফ্রস্টের বিখ্যাত অনুষ্ঠান ‘ফ্রস্ট ওভার দ্য ওয়ার্ল্ড’-এ সাক্ষাৎকার প্রচারিত হয় রাদওয়ান মুজিব সিদ্দিকের। তখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কারাগারে ছিলেন। ডেভিড ফ্রস্টকে দেওয়া রাদওয়ান মুজিবের ওই সাক্ষাৎকার সে সময় আলোড়ন সৃষ্টি করেছিল এবং শেখ হাসিনার মুক্তি ও জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক জনমত সৃষ্টিতে সহায়তা করেছিল।




