
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙ্গামাটির তিন উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলায় মো. নাসির উদ্দিন, রাজস্থলী উপজেলায় উবাচ মারমা ও বিলাইছড়ি উপজেলায় বিরোত্তম তঞ্চঙ্গ্যা।
মঙ্গলবার (২১ মে) জেলা রিটার্নিং অফিস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা বা কাউকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে এ খবর জানা গেছে।
জানান গেছে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাপ্তাই উপজেলায় সুইপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। রাজস্থলী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা-লীগের নেত্রী গৌতমী খিয়াং। বিলাইছড়ি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বংকিম তংচঙ্গ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুদিপ্তা তংচঙ্গ্যা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, এদিন রাঙ্গামাটি ৩টি উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে কোন প্রকার বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা, রাজস্থলী উপজেলা ও বিলাইছড়ি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।




