
জাভি দায়িত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল বায়ার্ন মিউনিখ ও জার্মানি জাতীয় দলের সাবেক কোচ হ্যান্সি ফ্লিকের কাঁধে উঠতে যাচ্ছে বার্সেলোনার দায়িত্ব। সেই গুঞ্জন সত্যি করে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি সেরেছেন ফ্লিক।
বুধবার (২৯ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা। তারা জানানো হয়েছে, বার্সেলোনা ও কোচ হ্যান্সি ফ্লিকের যৌথ সম্মতিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে।
ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা, সহ-সভাপতি রায়া যুস্তে ও স্পোর্টস ডিরেক্টর ডেকোর উপস্থিতিতে নতুন কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন ফ্লিক।
বার্সার কোচ হওয়ার প্রতিক্রিয়ায় ফ্লিক বলেছেন, মহান এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। তার (সভাপতি লাপোর্তা) দর্শনও আমার সঙ্গে মিল রয়েছে, খেলায় আধিপত্য কিংবা আক্রমণাত্মক মনোভাবের দিক থেকেও। বার্সার হয়ে নতুন এই যাত্রা শুরু করতে পেরে আমি খুশি।
এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জিতেছিলেন ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথে বার্সেলোনাকে তার দল হারায় ৮–২ ব্যবধানে। বায়ার্নে সাফল্যের সুবাদে উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন ফ্লিক, যা পরে তাকে জার্মানি জাতীয় দলের পথেও এগিয়ে দেয়।
টানা আট জয়ে জার্মান অধ্যায় শুরু করলেও শেষটা ভালো হয়নি। ২৫ ম্যাচে তার অধীনে জার্মানি জয় পেয়েছিল ১২ ম্যাচে। কাতার বিশ্বকাপে ব্যর্থতার জেরে জার্মান জাতীয় দলের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছিলেন ফ্লিক।
এরপর ৯ মাস বেকার থাকার পর আবারও ক্লাব ফুটবলে ফিরলেন ফ্লিক। তার নতুন যাত্রাটা হচ্ছে বার্সেলোনার ডাগআউটে। এর আগে এফসি ভিক্টোরিয়া বামেন্টাল দিয়ে ১৯৯৬ সালে কোচিং ক্যারিয়ার শুরু হয় এই জার্মান টেকটিশিয়ানের।




