
রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় আহত আবদুল বাতেন (৪৫) নামে এক পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।
নিহত আবদুল বাতেন পুলিশের সহকারী উপপরিদর্শক হিসেবে গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।
নিহতের স্ত্রী ফারজানা আক্তার ঝর্ণা জানান, তাদের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার আউলিয়াকান্দা গ্রামে। বর্তমানে এক ছেলে ও দুই মেয়েসহ নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকেন। তার স্বামী বাতেন দুপুরে বাসা থেকে বের হন তার কর্মস্থল গেন্ডারিয়া থানায় যাওয়ার উদ্দেশ্যে। এরপর রাতে ঢাকা মেডিকেল থেকে দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।
তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক পুলিশ সদস্য মো. নাসরুল হাসান সাংবাদিকদের জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড আউটগোয়িং সড়কে পুলিশ সদস্য বাতেন মোটরসাইকেল নিয়ে পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
পরে তিনি ঢামেক হাসপাতালে মারা যান। তাকে উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, এ এস আই বাতেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত পুলিশ সদস্য গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।




