
নোয়াখালীর চাটখিলে ফারজানা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ ডিসেম্বর) চাটখিল উপজেলার মলংমুড়ি গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার মলংমুড়ী গ্রামের ফরিদের স্ত্রী এবং সুবর্নচর উপজেলার চরমহি উদ্দিন গ্রামের ফজলুল হকের কন্যা।
নিহতের ভাই মিরাজ বলেন, দশ বছর পূর্বে ফরিদের সঙ্গে ফারজানার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে আট বছর বয়সী একটি পুত্র এবং দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু বিগত দুই বছর থেকে ফরিদ নেশায় আসক্ত হয়। গত দুই বছর ধরে নেশা আসক্ত হওয়ার পর থেকে বিভিন্ন সময় আমার বোনকে মারধর করতো। শনিবার আবারও মারধর এবং হত্যার চেষ্টা চালায়, আমি ফরিদকে ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলে সে আমাকেও হত্যার হুমকি দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন ফেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।




