
রাজধানীতে দিনদুপুরে এক বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে হাজারীবাগ এলাকার তল্লাবাগ মসজিদের নিচে অবস্থিত ‘নাঈম টেলিকম’-এর দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানকর্মী জুনায়েদ বলেন, প্রতিদিনের মতোই আমি দোকান খুলে বিকাশ লেনদেনের কাজ করছিলাম। দুপুরে বউবাজার এলাকার তামজীদ নামে এক যুবক এসে একটি নম্বরে ১ হাজার ৫০০ টাকা পাঠায়। কিছুক্ষণ পর সে আবার দোকানে ফিরে এসে গল্পের ছলে ৫০০ টাকা ধার চায়। তখন বললাম দোকানটা আমার না, আমি দিতে পারব না। পরে সে জোর করে দোকানের টেবিলের ওপর হেলে পড়ে ক্যাশের দিকে যায় এবং সেখান থেকে ২০ হাজার টাকা ছো মেরে নিয়ে পালিয়ে যায়। আমি ধস্তাধস্তি করলেও সে দৌড়ে পালাতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত তামজীদ বউবাজার এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও ছিনতাইকারী। এর আগেও সে আমার কাছ থেকে টাকা চাওয়া, মারধর ও হুমকি দেওয়ার ঘটনা ঘটিয়েছে।
‘নাঈম টেলিকম’-এর স্বত্বাধিকারী রমজান আলী বলেন, আমি ২০১৭ সাল থেকে এই স্থানে দোকান চালাচ্ছি। ঘটনার সময় আমি বাসায় গোসল করছিলাম। দুপুর ১২টা ২০ মিনিটে আমার ভাতিজা ফোন দিয়ে জানায়, তামজীদ এসে দোকানে ৫০০ টাকা ধার চেয়েছে, না দেওয়ায় জোর করে ক্যাশ থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। ঘটনার ভিডিও সিসিটিভিতে স্পষ্টভাবে ধরা পড়েছে।
দিনদুপুরে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুক, এটাই আমার চাওয়া।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শেরেবাংলা রোডের তল্লাবাগ মসজিদের সামনে একটি বিকাশের দোকান থেকে তামজীদ নামে এক যুবকের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, সে দোকানের ক্যাশ থেকে জোর করে টাকা নিয়ে গেছে।
তিনি আরও বলেন, তামজীদ নামে ওই যুবককে আমরা এর আগেও একাধিকবার অপরাধমূলক কর্মকাণ্ডে আটক করেছিলাম। দোকানদারের সঙ্গে তার পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম/এস




