
রাজধানীতে যাত্রীবাহী বাস থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএনসির রমনা সার্কেল। এ সময় অভিযানের নেতৃত্ব দেন পরিদর্শক জাকির হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. পারভেজ মোশারফ (২৩) ও মো. মেজবাহ উদ্দিন (২১)।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকার গাবতলীর দিকে আসছে বলে সংবাদ পাওয়া যায়। ওই সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে আসাদগেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নেয় রেইডিং টিম। কিছুক্ষণ পর গাবতলী অভিমুখী সৌদিয়া পরিবহনের বাসটিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে বাসের বি-৩ এবং বি-৪ সিটে বসা দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে দুই যাত্রীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও সরবরাহে জড়িত। কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
আরটিভি/আইএম




