
রাজধানীতে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ডেমরা থানার মোল্লা ডাইং এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মো. বাবুল মিয়া (৩২)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া এলাকার মতি মিয়ার ছেলে ও বর্তমানে ডেমরা এলাকায় থাকতেন।
আশিকুর নামে একজন পথচারী বাবুল মিয়াকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, ডেমরা থানার মোল্লা ডাইং এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় বাবুল গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অটোরিকশা জব্দ ও চালককে আটক করে থানায় দেওয়া হয়েছে।
আরটিভি/আইএম




