
রাজধানীতে মুখে মাস্ক পরে এসে নির্মাণাধীন একটি ভবনে ঢুকে একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালীর টিবি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. নাজিমুদ্দিন (৪২) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে ও বর্তমানে নাখালপাড়া এলাকায় থাকেন। তিনি সেবা নার্সিং ইনস্টিটিউটের নির্মাণাধীন ওই ভবনের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে ৮ থেকে ১০ জন মাস্ক পরা ব্যক্তি নির্মাণাধীন ওই ভবনে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত একজন প্রকৌশলীকে খুঁজছিল। তাকে না পেয়ে দুর্বৃত্তরা সাইট ব্যবস্থাপক নাজিমুদ্দিনকে মারধর শুরু করে। একপর্যায়ে চলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুলিটি তার বাঁ পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন বলেন, সন্ত্রাসীরা মাস্ক পরা অবস্থায় এসে একজন ইঞ্জিনিয়ারকে খুঁজছিল। তাকে না পেয়ে আমার ভাইকে মারধর করে এবং চলে যাওয়ার সময় গুলি করে পালিয়ে যায়।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, মহাখালী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে গুলির ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম




