
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।
সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে চলছে সেনাবাহিনীর এ কার্যক্রম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চেকপোস্ট বসানোর সময় রাজধানীর মোহাম্মদপুরের শিশুমেলা এলাকায় শেরেবাংলা নগরের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদ সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সড়কে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি ভোটার এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। এই এলাকায় যত ভোটার আছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তাদের নিরাপত্তার জন্যই আমরা নিয়োজিত আছি।
তিনি বলেন, আমরা সকাল থেকে এখানে চেকপোস্ট করছি। চেকপোষ্টে যেসব গাড়ি চলাচল কথা নয় এবং সরকার কর্তৃক যেসব যানবাহনকে সীমিতকরণ করা হয়েছে তাদেরকে ধরছি এবং আইনের হাতে সোপর্দ করছি।
সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও বলেন, আমরা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি কেন্দ্রের টহল টিম রয়েছে।
তিনি বলেন, ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা হলে সেক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা এটাকে মোটেও কোনও ছাড় দেব না বা প্রশ্রয় দেব না, সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাবো এবং যেকোনও মূল্যে প্রতিহত করবো। সকাল থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল পেয়েছি; সেগুলোকে আমরা জব্দ করেছি।
আরটিভি/এসএইচএম


