
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর নিয়ে কুষ্টিয়ার এমপি আমির হামজার কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ। সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় তাৎক্ষণিক মশাল মিছিল করে গণঅধিকার পরিষদ।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে আটটায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালের সামনে থেকে এই মশাল মিছিল শুরু করে পল্টন, প্রেসক্লাব ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন,"গণঅধিকার পরিষদকে নিয়ে কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়া শহরে মানববন্ধনের আয়োজন করে গণঅধিকার পরিষদ। সেখানে গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের উপর দেশীয় রামদা দিয়ে হামলা চালায় জামাত শিবিরের লোকজন। এতে গণঅধিকার পরিষদের ৪০/৫০ জন নেতা কর্মী আহত হয়। এই হামলায় গণঅধিকার পরিষদের একজনের পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়েছে। অনতিবিলম্বে জামায়াতে ইসলামীর সন্ত্রাসীদের গ্রেফতার ও হামলার বিচার চায় গণঅধিকার পরিষদ। জামায় শিবির যদি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে, গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের প্রতিহত করবে। পাশাপাশি একজন মাতাল এমপি, আমির হামজা যে ধরনের বক্তব্য দিয়েছে, সে যদি তার অশোভন বক্তব্য প্রত্যাহার ও এই ধরনের বক্তব্য বন্ধ না করে তাহলে তার বিরুদ্ধে গণঅধিকার পরিষদ প্রতিরোধ গড়ে তুলবে। শেখ হাসিনা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আজকে ভারতে পলাতক রয়েছে, জামায়াতে ইসলামী যদি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাদেরকেও পাকিস্তানে পালিয়ে যেতে হবে।
দলের মুখপাত্র আবু হানিফ বলেন, "কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছিলো সেখানে আমির হামজার গাড়ী থেকে দেশীয় অস্ত্র নিয়ে জামাতের সন্ত্রাসীরা হামলা করে। এ সময় গণঅধিকার পরিষদের নেতার পায়ের রগ কেটে দেয়। জামাত শিবিরের রগ কাটার ইতিহাস পুরোনো, গণঅভ্যুত্থানের পর কুষ্টিয়ায় আজকের ঘটনা প্রমাণ করে জামাত শিবিরের রগকাটার ইতিহাস ফিরে এসেছে। জামায়াতের প্রতি আহবান কুষ্টিয়ায় সে সব সন্ত্রাসীরা আজকে হামলা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিন।
তিনি আরও বলেন, আমির হামজা পাগলের মত বিভিন্ন সময় কথাবার্তা বলে, তার মত মানসিক ভাবে অসুস্থ মানুষ কিভাবে এমপি হয়, এটা বোধগম্য নয়। জামাতের উচিত আমির হামজাকে আগে পাবনা পাঠিয়ে তার মানসিক চিকিৎসা করানো।
এসময় মশাল মিছিলে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ফাতেমা রেসাসহ অন্যরা।
আরটিভি/ এসকেডি


