ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার রুমের পাশের বারান্দায় মাটি খুঁড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ৯ নম্বর বিসি দাস স্ট্রিটের ওই ভবনে অভিযান শুরু করে পুলিশ।

দীর্ঘ সময় অভিযান চালানোর পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভবনের নিচতলার পাশের মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনির (৪৩) নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।

তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াসিম রনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আটক মাসুম চৌধুরী ইমিটেশন জুয়েলারির ব্যবসা করতেন। যে ভবনের পাশ থেকে ওয়াসিমের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ভবনের নিচতলায় মাসুমের পাইকারি কারখানা ছিল।

‎মাসুমের দুলাভাইয়ের দাবি, প্রায় আট মাস আগে ওয়াসিম রনির কাছ থেকে মাসুম তিন লাখ টাকা নিয়েছিলেন। ওই টাকার বিপরীতে প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে সুদ দেওয়ার কথা ছিল। পরে তিন লাখ টাকা পরিশোধের বিষয়টি নিয়ে ওয়াসিম রনির সঙ্গে মাসুমের বিরোধ চলছিল।

‎‎তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে পাওনা টাকা চাইতে ওয়াসিম রনি মাসুমের ব্যবসায়িক কক্ষে যান। সেখানে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারেন বলে দাবি করেন তিনি। পরে ধস্তাধস্তির একপর্যায়ে ওয়াসিম অচেতন হয়ে পড়ে যান বলেও জানান তিনি।‎

‎মাসুমের দুলাভাই আরও জানান, পরে পুলিশের কাছ থেকে তিনি জানতে পারেন, ওয়াসিম অচেতন হয়ে পড়ে যাওয়ার পর তাকে ভবনের পাশের মাটির নিচে পুঁতে রাখা হয়। ওই স্থানেই মাটি দিয়ে মরদেহটি চাপা দেওয়া হয়েছিল বলে জানান তিনি। শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ওয়াসিমের মরদেহ উদ্ধার করে।

‎নিহতের স্ত্রীর ভাই মুরাদ হোসেন জানান, গত ৮ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে ওয়াসিমের যোগাযোগ হয়। ওই দিন তিন লাখ টাকা ফেরত দেওয়ার বিষয়ে একটি চেক দেওয়ার কথা ছিল বলে তারা জানতে পারেন। তার বড় বোনের স্বামীর সঙ্গে ওয়াসিমের ভালো সম্পর্ক ছিল এবং তাদের ব্যবসায়িক লেনদেনের বিষয়টিও তিনি জানতেন বলে জানান মুরাদ।‎

‎মুরাদ হোসেন বলেন, ৮ সেপ্টেম্বর দুপুরের পর থেকেই ওয়াসিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। একই সঙ্গে ওয়াসিমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তারা। একপর্যায়ে অভিযুক্ত মাসুমের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। মাসুমের স্ত্রী ওয়াসিমের বিষয়ে কোনো খোঁজ জানেন না বলে জানান। তিনি শুধু বলেন, ওয়াসিম বাসায় এসেছিলেন, পরে চলে গেছেন।‎

‎কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে পরিবারের সদস্যরা লালবাগ থানায় গিয়ে ওয়াসিম নিখোঁজের বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্নভাবে ওয়াসিমের সন্ধান চালানো হয়।‎

‎মুরাদ হোসেন জানান, একপর্যায়ে পুলিশ জানতে পারে, ওয়াসিমকে হত্যা করে একটি ভবনের নিচতলার পাশের মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।‎

‎মুরাদ হোসেনের অভিযোগ, ওয়াসিমের মরদেহ লুকিয়ে রাখতে আট বস্তা মাটি এনে বাসার পাশে তাকে মাটিচাপা দেওয়া হয়েছিল। তিনি বলেন, তার বোনের স্বামীকে হত্যা করা হয়েছে। এখন তার বোন ও পরিবারের কী হবে—এ নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তার ভাষ্য, তিন লাখ টাকা নেওয়ার পর প্রতি মাসে ৩৫ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও টাকা পরিশোধ করা হয়নি। পরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

‎নিহতের স্বজনদের আরও অভিযোগ, ওয়াসিমকে হত্যার পর তার হাত-পা বেঁধে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল। তবে তার শরীরে আঘাতের ধরন, মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে—এসব বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।‎

‎লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর রনি নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিচতলার পাশের মাটির নিচ থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।‎

‎ডিসি তালেবুর রহমান আরও জানান, এ ঘটনায় মোহাম্মদ মাসুম চৌধুরীকে আটক করা হয়েছে। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা, হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি) আওতায় গণপরিবহন সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বৈদ্যুতিক বাস চালুর কার্যক্রম শুরু হবে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। মন্ত্রী বলেন, গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে। ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অর্থ কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। এর মাধ্যমে গণপরিবহনে সেবার মান, পরিচালনাগত শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। আরটিভি/এসআর
দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির র‍্যালি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় মোটরসাইকেল র‍্যালি করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির র‍্যালি
৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ৩০০ ফিট সড়কে এ ধরনের কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।
৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি
৯৯৯-এ ফোন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মতিঝিলে চুরি হওয়া বাস
ঢাকার মতিঝিল থেকে চুরি হওয়া সোনালী ব্যাংকের স্টাফ বাস জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
৯৯৯-এ ফোন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মতিঝিলে চুরি হওয়া বাস
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন বলেছেন, বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। কাঁধে কাঁধ রেখে পাহারা দেব, ইনশআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
আরও পড়ুন
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী