
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির বিভিন্ন বিভাগ ও বিশেষায়িত ইউনিট একযোগে এই অভিযান পরিচালনা করে।
ডিএমপি সূত্র জানায়, অভিযানে সর্বোচ্চ মিরপুর বিভাগ থেকে ৯০ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৯, ওয়ারী বিভাগে ৭৫, লালবাগ বিভাগে ৫৯, গুলশান বিভাগে ৪৭, উত্তরা বিভাগে ৪৩, রমনা বিভাগে ৩৬, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১১ এবং সিটিটিসি ইউনিট ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৭৫ কেজির বেশি গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার। পাশাপাশি ১টি কাভার্ডভ্যান, ২টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধারসহ একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
আরটিভি/টিআর




