
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- মো. সালা উদ্দিন সুমন (৪৮) ও মো. নুরুল হক ওরফে সোহাগ (৩০)।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) ভুক্তভোগী শামসুল ইসলাম রিকশায় করে উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে পাকা রাস্তার ওপর পৌঁছামাত্র অটোরিকশাযোগে অজ্ঞাতপরিচয়ের চালকসহ ৩/৪ জন ব্যক্তি তার রিকশার সামনে গিয়ে গতিরোধ করে। এরপর তারা ভিকটিমকে কিল-ঘুষি মেরে আহত করে এবং ধারালো চাকুর ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যান।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/এসএস


