
সংসদীয় আসন ঢাকা-১৭-এর আওতাধীন মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় কড়াইল বস্তির এরশাদ মাঠে এ প্রশিক্ষণ ও মহড়া শুরু হয়।
অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়ে সচেতনতা ও জনসাধারণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক ও বস্তিবাসীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ মহড়ায় অগ্নিনির্বাপণের ব্যবহারিক কৌশল প্রদর্শনের পাশাপাশি তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
মহড়ায় প্রথমে স্বাভাবিক জীবনযাত্রার চিত্র প্রদর্শনের পর আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। জরুরি সংবাদ পাওয়ার পরপরই তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত ও বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার এবং তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানোর কার্যক্রমও প্রদর্শন করা হয়।
অগ্নিনির্বাপণ কার্যক্রমের সমন্বয় ও পরিচালনার জন্য ঘটনাস্থলে একটি কমান্ড পোস্ট স্থাপন করা হয়। পরিস্থিতি মূল্যায়ন, উদ্ধার কার্যক্রম পরিচালনা, অগ্নিনির্বাপণ কৌশল প্রয়োগ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জরুরি সাড়াদান কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।
মহড়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল স্থানীয় বাসিন্দাদের সরাসরি প্রশিক্ষণে সম্পৃক্ত করা। এ সময় বস্তিবাসীদের অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার, আগুন লাগলে প্রাথমিক করণীয় এবং এলপিজি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে তা নিরাপদে নিয়ন্ত্রণের ব্যবহারিক কৌশল শেখানো হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালন, দ্রুত সাড়া দেওয়া এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সহযোগিতা করার বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাস সিলিন্ডারের অসতর্ক ব্যবহার ও রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়।
মহড়া শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় আগুনসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগের বিষয়ে প্রচার চালানো হয়। পাশাপাশি বস্তির বিভিন্ন স্থাপনায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয়, যাতে জরুরি প্রয়োজনে তাঁরা সহজেই নম্বরটি শনাক্ত করতে ও ব্যবহার করতে পারেন।
মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার জনাব মো. তানহারুল ইসলাম, জনাব ফয়সলুর রহমান ও জনাব মো. আব্দুল মান্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শীত ও শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় কড়াইল বস্তিতে পরিচালিত এ মহড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়াতে সহায়ক হবে। জনসাধারণকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তোলার মাধ্যমে নিরাপদ ও দুর্যোগসহনশীল নগর গড়ে তোলার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আরটিভি/টিআর



