ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

তাহসিফ হত্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, বলছে পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় রিমান্ড শেষে শুক্রবার (৭ নভেম্বর) আদালতে নেওয়া হয় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিনদিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে গ্রেপ্তার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘোরাফেরা, বিভিন্ন স্থানে যাওয়া এবং রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন তিনি। তবে মামলার ঘটনা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন বলেও দাবি করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি গ্রহণ করেন।

পুলিশের আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা একসঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজে গিয়ে মোটরসাইকেলের কাজ করান। এরপর জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে একাধিকবার নাশতা করেন। ওই দিন রাতে তারা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তিনজনই বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় চলে যান।

আবেদনে আরও বলা হয়, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। সেখান থেকে হেঁটে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজনকে দেখে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।

পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা ও এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে সর্বশেষ তাহসিফকে দীপ ও জেরিকার সঙ্গে দেখা গেছে। তাদের দুজনের সঙ্গে তাহসিফের ঘোরাফেরা এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার তথ্যও পাওয়া গেছে। এ অবস্থায় হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেফতার দুই আসামির কোনো না কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে রিমান্ডে দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তিনি অত্যন্ত চতুর প্রকৃতির এবং একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে নীরবতা পালন করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত জড়িতদের শনাক্ত করতে দীপকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। প্রয়োজনে তাকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে দুপুর থেকেই ভিড় করছেন সংগীতপ্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শকদের উপস্থিতি। দল বেঁধে বন্ধুদের সঙ্গে, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে কনসার্টস্থলে আসছেন।  শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ কনসার্টে অংশ নিতে আসছেন। অনেককে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতেও দেখা গেছে। এদিন, কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। এর মধ্যে রয়েছে— নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হয়ে এ সংগীত আয়োজন চলবে প্রায় সাত ঘণ্টা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ কোনো টিকিট ছাড়াই কনসার্ট উপভোগের সুযোগ রয়েছে। কনসার্ট দেখতে আসা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে জেমস, মাইলস ও ওয়ারফেজের গান সরাসরি শোনার অপেক্ষায় অনেকেই। মাহিন নামের এক দর্শক বলেন, জেমস আমাদের প্রিয় শিল্পী। অনেক দিন ধরে তার গান সরাসরি শোনার ইচ্ছা ছিল। আজ সেই সুযোগ পেয়েছি। তাই দুপুরেই চলে এসেছি। আরেক দর্শক মিফতা বলেন, একই মঞ্চে সাতটি জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ সচরাচর পাওয়া যায় না। বন্ধুদের সঙ্গে এসেছি। পুরো আয়োজন উপভোগ করতে চাই। কনসার্টে আসা তরুণী মহিয়া বলেন, ওয়ারফেজ ও আর্টসেলের গান আমার খুব ভালো লাগে। বিশেষ করে তাদের জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায়। এমন উন্মুক্ত আয়োজন আরও হওয়া উচিত। এদিকে, কনসার্ট কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ কনসার্ট। সহযোগিতায় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আরটিভি/এসআর  
‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন ধরা
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন ধরা
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
রাজধানীর উত্তরায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
আরও পড়ুন
গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিশা, পাঠানো হলো কারাগারে
পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা
অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের