
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫২টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯, লালবাগ বিভাগ ৪৯, ওয়ারী বিভাগ ৪০, মতিঝিল বিভাগ ৫৯, তেজগাঁও বিভাগ ৭৬, মিরপুর বিভাগ ১২৭, গুলশান বিভাগ ৪৫, উত্তরা বিভাগ ৫১, এসআরইউ তিন ও গোয়েন্দা বিভাগ পাঁচ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, দুইটি ককটেলের নিষ্ক্রিয়কৃত অংশ বিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম


