
রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় এবার নতুন করে যুক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাস। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন দেওয়া বাসটি ডিএনসিসির স্টাফ বাস ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা এবং মিরপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী ছিল না।
ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা–পুলিশ।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসছিল। কে বা কারা পেছন থেকে আগুন দিয়েছে। তবে কেউ হতাহত হননি।
মহাখালীর আগুনের বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজনই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন।
রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুরের চিড়িয়াখানার রোডেও বাসের আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, রাত ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম

