ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে সব ছাই, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের পরিবার। ঘরের আসবাবপত্র, বই-খাতা থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক দিন আগে ভাইয়ের জন্য কেনা ৫০ হাজার টাকার কম্পিউটারটিও রক্ষা পায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হওয়ার কথা তার বার্ষিক পরীক্ষা। এমন পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে মরিয়ম। অনিশ্চয়তা তৈরি হয়েছে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েও।

বুধবার (১৮ নভেম্বর) সকালে স্কুলে ছিল মরিয়ম। হঠাৎ এক বান্ধবীর মায়ের ফোনে জানতে পারে, তাদের বস্তির ঘরে আগুন লেগেছে। খবর পেয়েই ছুটে আসে বাড়িতে। কিন্তু আগুনের কারণে ঘরে ঢুকতে পারেনি। পরে নিজের চোখেই দেখে, আগুনে পুড়ে গেছে তাদের সবকিছু।

মহাখালী মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম বলে, ‘আমি স্কুলে ছিলাম। আমার এক বান্ধবীর মা ফোন দিয়ে বলল, আমাদের বাসায় আগুন লেগেছে। আমি দৌড়ে বাসায় আসি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। এসে দেখি, সব পুড়ে গেছে।’

ঘরের শোকেস, টেলিভিশন, র‍্যাক, ড্রাম, বই-খাতা কিছুই অবশিষ্ট নেই। তবে স্কুলব্যাগ সঙ্গে থাকায় প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র রক্ষা পেয়েছে। এখন তার সম্বল শুধু গায়ে থাকা স্কুলের পোশাক আর কাঁধের ব্যাগ। একদিকে মাথা গোঁজার ঠাঁই হারানোর কষ্ট, অন্যদিকে সামনে বার্ষিক পরীক্ষা সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার।

মরিয়মের মা ফেরদৌসী বেগম জানান, প্রায় ১০ বছর ধরে তারা মহাখালীর সাততলা বস্তিতে বসবাস করছেন। তার স্বামী ব্যবসা করেন, আর তিনি পোশাক কারখানায় কাজ করেন। দীর্ঘদিনের পরিশ্রমে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ধীরে ধীরে সংগ্রহ করেছিলেন। কিন্তু মুহূর্তের আগুনে সব শেষ হয়ে গেছে।

ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই জায়গায় থাকি, এক বাসায়ই ১০ বছর ধরে। এখন কোথাও তো কিছু করতে পারছি না। এখন আল্লাহ যেখানে রাখে, সেখানেই থাকতে হবে। থাকার কোনো ব্যবস্থা আছে কি না, তাও জানি না। সবকিছু পুড়ে গেছে, কিছুই বের করতে পারিনি।’

তিনি আরও জানান, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ ছিল। সব হারিয়ে এখন নতুন করে সংসার গোছানো এবং পরিবারের সদস্যদের নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

এত কিছুর পরও মরিয়মের স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়ার। তবে পরিবারের আর্থিক সংকটের কথা ভেবে সেই স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কায় রয়েছে সে।

মরিয়মের ভাষায়, ‘ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না হতে পারব। আসলে দারিদ্র্যের কারণে মানুষের অনেক শখ পূরণ করতে পারে না।’

এদিকে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সংস্থাটির কর্মীরা। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বস্তির শতাধিক পরিবারের কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে শুধু একটি পরিবারের ঘরবাড়ি কিংবা কয়েক লাখ টাকার সম্পদই পুড়ে যায়নি, অনিশ্চয়তায় পড়েছে মরিয়মের মতো অনেক শিশুর ভবিষ্যৎও। পরীক্ষার আগের দিন সব হারানো মরিয়ম এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখতে ঢাকার কেরানীগঞ্জে একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে মসজিদ-মাদরাসা কমপ্লেক্স। এর অংশ হিসেবে আধুনিক কওমি মাদরাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ১
রাজধানীর মিরপুরের রূপনগরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম নুপুর। দুপুরের খাবারের বিরতিতে বাসায় যাওয়ার পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়। 
রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ১
ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান
বাইরে সহিংসতা করে ঢাকায় ঢুকে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে এবার চিরুনি অভিযানে নামতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) । ইতোমধ্যে এ ধরনের ব্যক্তিদের আশ্রয়স্থলগুলো নজরদারিতে এনেছে পুলিশ। 
ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান
ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন
রাজধানী ঢাকা থেকে এবার গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খান। কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা তিনি।
ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন
ঢাকায় এবার ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা 
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়। এতে অন্তত দুই-তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। 
ঢাকায় এবার ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা 
আরও পড়ুন
কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই 
কক্সবাজারের রিসোর্টে আগুনের কারণ নিয়ে যা জানা গেল
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে নিহত ১০, একই পরিবারের ৮ জন
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে নিহত ১০