
রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ‘ডাকাতির’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ৪ দিন আগের একটি ঘটনার খণ্ডিত অংশ নিয়ে ডাকাতির গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত থেকে ৩০০ ফুট সড়কের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘৩০০ ফুট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমই নয়, দেশের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমেও ভিডিওটি ডাকাতির ঘটনা বলে প্রকাশ করা হয়।
ডিএমপি বলছে, ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির যে দাবি করা হচ্ছে, তার কোনো বাস্তবতা নেই। প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। তবে ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো সত্যতা নেই। ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ভিডিওটি মূলত গত ১৮ নভেম্বর রাতের একটি ঘটনার। ওই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন নীলা মার্কেট এলাকায় একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ঘটনার সময় নীলা মার্কেট এলাকায় অবস্থান করছিলেন রূপগঞ্জের সংসদ সদস্য দিপু ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) শিবলু ভূঁইয়া। তার দেওয়া তথ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণের পর তিনি ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকারটিকে ধাওয়া করেন। এতে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা ছিলেন। একপর্যায়ে গাড়িটি খিলক্ষেত থানাধীন মস্তুল চেকপোস্টে পৌঁছালে মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি সেটি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় প্রাইভেটকারটি চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দিয়ে কুড়াতলীর দিকে চলে যায়। পরে গাড়িটি আটকানো সম্ভব হয়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তির দাবি, এই ধাওয়া ও গাড়ি ভাঙচুরের চেষ্টার খণ্ডিত দৃশ্যই পরে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করা হয়। অথচ ঘটনাটি চার দিন আগের হলেও ভিডিওর সময়কাল ও প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট না করেই নতুন করে তা প্রচার করা হয়েছে।
এদিকে ডিএমপি বলছে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট কোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, ঘটনাটি ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের দিন রাত সাড়ে ১১টা থেকে ১২টার ভেতর ৩০০ ফুট সড়কের। ওই দিন লকডাউন কর্মসূচি উপলক্ষে রূপগঞ্জ থানার নীলা মার্কেট–সংলগ্ন এক্সপ্রেসওয়ে চত্বর এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লকডাউনে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঘটনাস্থলের কাছেই রূপগঞ্জ থানা ছাত্রদল ও যুবদলের ৫০ থেকে ১০০ নেতা–কর্মী আগে থেকেই অবস্থান করছিলেন। তারা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অনুসারী। মোস্তাফিজুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) শিবলু ভুঁইয়াও সেখানে অবস্থান করছিলেন।
এ বিষয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি কয়েক দিন আগের। ভিন্ন একটি ঘটনাকে ডাকাতি বলে প্রচার করা হচ্ছে।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবার বিরত থাকা উচিত বলেও উল্লেখ করেন তিনি।
আরটিভি/এমএম


