
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তির নাম মো. মাজহারুল (৩২)।
খিলগাঁও থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশ গেট-সংলগ্ন রাস্তার ডান পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় মাজহারুলকে আটক করে খিলগাঁও থানার পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান উপ-পুলিশ কমিশনার।
আরটিভি/এমএম


