
রাজধানীতে পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহেদ ওরফে পিন্টু (২৬), মো. ইমন খান (২২) ও মো. হানিফ শিকদার (২৪)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে শাহেদ ওরফে পিন্টুকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, আজ ভোরে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ইমন খান ও হানিফ শিকদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/আইএম




