
মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম)। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে ওই অ্যাপ ইনস্টলের কিছুক্ষণ পর তার মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাবে জমা হয় ১ হাজার ৬২৫ টাকা।
ভেবেছিলেন, কেউ হয়তো ভুল করে টাকা পাঠিয়েছেন। তাই বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাঁটি করেননি।
৫ দিন পর হোয়াটসঅ্যাপে ফোন আসে। অপর প্রান্ত থেকে ২ হাজার ৫০০ টাকার কথা বলা হয়। আরও বলা হয়, অ্যাপ থেকে ঋণ নিয়েছেন জবা। সুদসহ সেই টাকা এখন ২ হাজার ৫০০ হয়েছে।
জবা ঋণ নেওয়ার কথা অস্বীকার করতেই শুরু হয় গালিগালাজ। তার ব্যক্তিগত তথ্য দেখিয়ে হুমকি দেওয়া হয়, তাকে ও তার মেয়েকে সামাজিকভাবে হেয় করা হবে। ফেসবুকে যুক্ত থাকা ব্যক্তিদের কাছে পাঠানো হবে তাদের আপত্তিকর ছবি ও তথ্য। তখন জবা বুঝতে পারেন, তার ও পরিবারের সদস্যদের ছবি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে একটি চক্র।
চলতি বছরের এপ্রিলে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জবা। পরে পুলিশ তদন্তে নেমে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়। অন্য একটি তদন্তাধীন মামলায় চক্রটির কয়েক সদস্য গ্রেপ্তার হন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চক্রটির সদস্যরা নানা কৌশলে মানুষের ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করেন। পরে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। তারা অন্যান্য সাইবার অপরাধেও জড়িত।
জবার ঘটনাটি বিচ্ছিন্ন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি সংগ্রহ করা হচ্ছে। কখনো ছবি বা ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কখনও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করা হচ্ছে। পাশাপাশি চলছে অনলাইন আর্থিক প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিং।
সাইবার অপরাধীদের লক্ষ্য এখন মানুষের ব্যক্তিগত তথ্য, ছবি ও সামাজিক পরিচয়। এসব ব্যবহার করে ভুক্তভোগীদের জিম্মি করা হচ্ছে। কেউ অর্থ দিতে বাধ্য হচ্ছেন, কেউ পড়ছেন সামাজিক ও পারিবারিক সংকটে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্বল পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে শেয়ার করা, ভুয়া আইডি ও হ্যাকিংয়ের কারণে এসব ঘটনা বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে না পারাও এর অন্যতম কারণ। দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা গেলে অপরাধ কমত।
ঋণ থেকে চাকরি, নানা প্রলোভনে অনলাইন প্রতারণা
‘সেনা কল্যাণ অনলাইন ফাউন্ডেশন’ নামে ফেসবুকে একটি ভুয়া পেজে টিসিবির মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রচার চালানো হয়। রাজধানীর কলাবাগান এলাকার এক বাসিন্দা ওই পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। তাকে অস্বাভাবিক ছাড়ে পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়।
পরে পণ্যের অগ্রিম মূল্য পাঠাতে বলা হলে তিনি এমএফএস সেবার মাধ্যমে ৩৫ হাজার ৪০০ টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট নম্বরগুলোয় যোগাযোগের চেষ্টা করেও আর সাড়া পাননি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে থানায় জিডি করেন।
ভার্চ্যুয়াল মাধ্যমে এ ধরনের প্রতারণা ঘটছে নিয়মিত। ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার এসব প্রতারণার অভিযোগ কয়েকটি শ্রেণিতে ভাগ করে গ্রহণ করেছে। এর মধ্যে ঋণ ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ ৫৬টি। মিথ্যা পরিচয়ে প্রতারণার ৯২টি। সেবা বা পণ্য বিক্রির নামে প্রতারণার ৮৮টি এবং চাকরির নামে প্রতারণার ৪১টি অভিযোগ আছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগের সংখ্যা দিয়ে প্রকৃত ভুক্তভোগীর চিত্র বোঝা যায় না। অনেকেই সামাজিক সম্মানহানি, হয়রানি কিংবা আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার আশংকায় অভিযোগ করতে চান না। আবার লিখিত অভিযোগ বা জিডি করলেও সবাই মামলা করতে আগ্রহী হন না।
কম ক্ষয়ক্ষতি হওয়া অপরাধের ক্ষেত্রে এমন প্রবণতা বেশি দেখা যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, অনলাইনে আর্থিক লেনদেনের আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করতে হবে। অপরিচিত কাউকে অগ্রিম টাকা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত প্রমাণসহ পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
আরটিভি/এসএস


