
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
শ্রমিক দলের কর্মসূচিতে রুহুল কবির রিজভী
সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বেলা আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাসাস, ওলামা দল, তাঁতী দল ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন রুহুল কবির রিজভী।
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সংবাদ সম্মেলন
সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী মিলনায়তনে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি কোম্পানিতে বাংলাদেশি কর্মী পাঠানো হচ্ছে। এ কর্মীদের প্রথম ফ্লাইট ২৬ নভেম্বর নির্ধারিত রয়েছে। এ উদ্যোগের বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বোয়েসেল।
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডসভা
বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় শাহ্ পোরশিয়া ভবনের ১৪তম তলায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নবিষয়ক বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।
বিসিক শিল্প মেলা ও কুটিরশিল্পী পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলন
দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিসিকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলার সম্মেলনকক্ষে ‘বিসিক শিল্প মেলা-২০২৬ ও জাতীয় শ্রেষ্ঠ কুটিরশিল্পী পুরস্কার-২০২৬’ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মেলার সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে শ্রমমন্ত্রীর ব্রিফিং
দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের তৃতীয় তলায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে প্রেস ব্রিফিং করবেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মিডিয়ার রান ২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন
বিকেল ৩টায় রাজধানীর মহাখালীর অবকাশ হোটেলে ‘মিডিয়ার রান ২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরটিভি/আইএম



