
দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে রাজধানীতে চলছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। পোশাক, জুতা, চামড়াজাত পণ্য, প্রসাধনী, গয়না, পাটপণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং হস্ত ও কারুশিল্পসহ নানা পণ্যের পসরা বসেছে এই মেলায়। এর মধ্যে চোখ আটকে যায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্টলে। সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি হস্তশিল্প ও জুয়েলারি পণ্য বিক্রি হচ্ছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, এফ-২২ নম্বর এই স্টলের বিক্রয় প্রতিনিধিও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। নিখাদ আন্তরিকতায় তারা ক্রেতাদের সঙ্গে কথা বলছেন ও নিজেদের তৈরি পণ্য বিক্রি করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গণে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
এবারের মেলায় দেশের ৪০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নানাবয়সী মানুষ এই মেলায় আসছেন। কিনছেন পছন্দের পণ্য।
তেমনই একজন মনোরমা আক্তার। তিনি এসেছেন রাজধানীর শুক্রাবাদ থেকে। দুই ঘণ্টা ঘুরে বিভিন্ন স্টল ঘুরে বেশ কিছু পণ্য কিনেছেন এই বেসরকারি চাকরিজীবী। তবে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি নামের স্টলে এসে তিনি ঠিক করতে পারছেন না, কোনটা রেখে কোনটা নেবেন।
এই প্রতিবেদককে তিনি বলেন, হাতে তৈরি যে কোনো পণ্যই আমার কাছে স্পেশাল। তবে যদি হয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি, তবে সেটি আরও স্পেশাল হয়ে যায়। সে কারণে এই স্টলে এসে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। বেশ কয়েকটি পণ্য কিনেছি।
বেসরকারি এই চাকরিজীবী আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা কতটা আন্তরিকতা ও নিজেদের মেধা খাটিয়ে এই পণ্যগুলো তৈরি করেছে- তা না দেখলে বা ব্যবহার করলে বোঝা যাবে না।
স্টলে কথা হয় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলামের সঙ্গে।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নিজেদের মেধা কাজে লাগিয়ে এই পণ্যগুলো তৈরি করেছে। শুধু তাই নয়, পণ্যগুলো বিক্রির জন্য স্টলে নিজেরা সময়ও দিচ্ছে। এটা খুবই ভালো লাগার বিষয়। এভাবেই তারা এগিয়ে যাবে। সেই সঙ্গে এগিয়ে যাবে লাল-সবুজের বাংলাদেশও।
সৈয়দা মুনিরা ইসলাম আরও বলেন, সরকারের পাশাপাশি আমাদেরও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াতে হবে। তারা কী চায় বা তাদের আগ্রহটা কোথায়- সেটাও আমাদের গুরুত্ব দিতে হবে। তবেই ওরা নিজেদের বোঝা না মনে করে ‘সম্পদ’ মনে করবে।
মিরপুর থেকে শুধু মেলা দেখার উদ্দেশ্যে এলেও দু-হাতভর্তি কেনাকেটা করেছেন জান্নাতুল মাওয়া অর্পিতা। তিনি বলেন, এখানে এসে দেখলাম এক প্রাঙ্গণেই সারাদেশের পণ্য পাওয়া যাচ্ছে। তাই আর দেরি করলাম না। যা যা মন চাইল, পছন্দ হলো- বিভিন্ন স্টল ঘুরে সবই কিনে ফেললাম।
বাচ্চার জন্য তিন রকমের চকলেট কিনেছেন ব্যবসায়ী সাব্বির রহমান। তিনি এসেছেন যাত্রাবাড়ী থেকে।
তার ভাষ্য, ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছাড়া সব সময় এক জায়গায় এত সব পণ্যের পসরা সচরাচর দেখা যায় না। নিঃসন্দেহে এসএমই পণ্য মেলা সরকারের একটি মহতী উদ্যোগ। এই উদ্যোগ যেন চলমান থাকে। তাহলে অন্তত ঢাকার মানুষ পছন্দের পণ্য ঘুরে ঘুরে দেখে কিনতে পারবে।’
গত ২২ নভেম্বর থেকে শুরু হওয়া এ মেলার পর্দা নামবে আগামী ২৮ নভেম্বর। তাই সময়-সুযোগ মিললে ঘুরে আসতে পারেন আপনিও।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী আয়োজিত এ মেলায় প্রবেশের জন্য না কোনো টিকিট লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করা যাবে মেলা প্রাঙ্গণে।
আরটিভি/আইএম


